১২ জানুয়ারি ২০২০ - ০৬:৫৪
বিমান বিধ্বস্তের ঘটনায় আন্তর্জাতিক সহযোগিতাকে স্বাগত জানাবে ইরান: রুহানি

ইরানে ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান ভূপাতিত হওয়ার ঘটনা তদন্তে যেকোনো আন্তর্জাতিক সহযোগিতা গ্রহণে তেহরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি গতকাল (শনিবার) সন্ধ্যায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে এক টেলিফোনালাপে তেহরানের এ প্রস্তুতির কথা ঘোষণা করেন।

(ABNA24.com) তিনি ভুলবশতঃ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের যাত্রীবাহী বিমান ভূপাতিত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, এই হৃদয়বিদারক ঘটনার কারণ অনুসন্ধানে এরইমধ্যে প্রাথমিক তদন্ত সম্পন্ন হয়েছে এবং চূড়ান্ত ফল পাওয়ার জন্য বিস্তারিত তদন্ত কাজও দ্রুততার সঙ্গে চলছে।

গত বুধবার (৮ জানুয়ারি) ভোররাতে ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান তেহরানের ইমাম খোমেনী (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর বিধ্বস্ত হয়। এ ঘটনায় বিমানটির ১৭৬ আরোহীর সবাই প্রাণ হারান। ইরানের সশস্ত্র বাহিনী গতকাল (শনিবার) সকালে এক বিবৃতিতে জানায়, মার্কিন ক্ষেপণাস্ত্র মনে করে ভুলবশতঃ যাত্রীবাহী বিমানটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কারণে এটি ভূপাতিত হয়েছে।

কি কি কারণে এই মানবীয় ত্রুটি হয়েছে তা আন্তর্জাতিক সমাজের কাছে তুলে ধরা হবে বলে জানান প্রেসিডেন্ট রুহানি। কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনালাপে

তিনি আরো বলেন, ইরান ও কানাডাসহ যেসব দেশের নাগরিকরা বিমানটির যাত্রী ছিল সেসব দেশের জন্য এই ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক।

আমেরিকার হস্তক্ষেপের কারণে স্পর্শকাতর পশ্চিম এশিয়ার নিরাপত্তা অত্যন্ত বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে বলে বর্ণনা করেন ইরানের প্রেসিডেন্ট।তিনি বলেন, একমাত্র মধ্যপ্রাচ্যের দেশগুলোই এ অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে পারে।

টেলিফোনালাপে কানাডার প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেনের যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা তদন্তে প্রয়োজনীয় সহযোগিতা করতে তার দেশ প্রস্তুত রয়েছে। এ ঘটনায় নিহত কানাডার নাগরিকদের পরিবারের সদস্যদেরকে কানাডাস্থ ইরান দূতাবাস যথেষ্ট সহযোগিতা করছে বলেও জানান জাস্টিন ট্রুডো।

.........
340