আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): রেলের মহাপরিচালক শামসুজ্জামান গণমাধ্যমকে জানান, ৩১ মে (রোববার) থেকে পুনরায় চালু হবে যাত্রীবাহী রেল পরিবহন। শুরুতে আন্তঃনগর ট্রেন চালু হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা কীভাবে ট্রেনের ক্ষেত্রে কার্যকর করা হবে তা নিয়ে বিস্তারিত কর্মপরিকল্পনা নেয়া হবে। তবে ট্রেনে ভীড় এড়াতে অর্ধেক আসনের টিকিট বিক্রি করা হবে- এমনটিই সিদ্ধান্ত হয়েছে।
রেলওয়ে সূত্র জানিয়েছে, শুরুতে ননস্টপ ট্রেনগুলো ছাড়া হবে। ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ৩৭টি আন্তঃনগর ট্রেন চলে। আর রেলের পূর্ব ও পশ্চিমাঞ্চল মিলিয়ে আন্তঃনগর ট্রেনের সংখ্যা শতাধিক। এসব ট্রেন ধাপে-ধাপে খুলে দেওয়ার পরিকল্পনা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
এখন পর্যন্ত প্রস্তুতি অনুযায়ী রোববার থেকে ঢাকা-রাজশাহী, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট রুটসহ ১৭টি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের মধ্যে ৮টি ট্রেন চালু করা হবে।
এগুলো হচ্ছে ঢাকা-চট্টগ্রাম রুটের সোনার বাংলা ও সুবর্ণ এক্সপ্রেস। ঢাকা-সিলেটের কালনী এক্সপ্রেস। ঢাকা-পঞ্চগড়ের পঞ্চগড় এক্সপ্রেস। ঢাকা-রাজশাহীর বনলতা এক্সপ্রেস। ঢাকা-লালমনিরহাটের লালমনিরহাট এক্সপ্রেস। চট্টগ্রাম-সিলেট রুটের উদয়ন/পাহাড়িকা এক্সপ্রেস। ঢাকা-খুলনার চিত্রা এক্সপ্রেস ট্রেন।
এরপর ৩ জুন থেকে আরও ৯টি ট্রেন চালু করার প্রাথমিক সিদ্ধান্ত রয়েছে। এগুলো হচ্ছে তিস্তা এক্সপ্রেস (ঢাকা-দেওয়ানগঞ্জবাজার), বেনাপোল এক্সেপ্রেস (ঢাকা-বেনাপোল), নীলসাগর (ঢাকা-চিলাহাটি), রূপসা এক্সপ্রেস (খুলনা-চিলাহাটি), কপোতাক্ষ এক্সপ্রেস (খুলনা-রাজশাহী), মধুমতি এক্সপ্রেস (রাজশাহী-গোয়ালন্দঘাট), মেঘনা এক্সপ্রেস (চট্টগ্রাম-চাঁদপুর), কিশোরগঞ্জ এক্সপ্রেস (ঢাকা-কিশোরগঞ্জ), উপকূল এক্সপ্রেস (ঢাকা-নোয়াখালী)।
সোমবার থেকে চলবে বিমান
সরকারি স্বাস্থ্যবিধি ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নীতিমালা অনুসরণ করে অভ্যন্তরীণ তিনটি রুটে ১ জুন থেকে সীমিত পরিসরে বিমান চলাচল শুরু হবে। এ রুট তিনটে হচ্ছে: ঢাকা-চট্টগ্রাম-ঢাকা, ঢাকা-সিলেট-ঢাকা ও ঢাকা-সৈয়দপুর-ঢাকা।
গতকাল (বৃহস্পতিবার) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক আদেশে এ খবর জানায়। একই আদেশে আন্তর্জাতিক রুটে সিডিউল পেসেঞ্জার ফ্লাইটে যাত্রী পরিবহনের ক্ষেত্রে বিমান চলাচল নিষেধাজ্ঞা ১৫ জুন পর্যন্ত বাড়ানো হয়ছে। এ নিষেধাজ্ঞা আগের মতোই বাহরাইন, ভুটান, হংকং, ভারত, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, ওমান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচলের বিদ্যমান রুটের ক্ষেত্রে বহাল থাকবে।
তবে কার্গো, ত্রাণ-সাহায্য, এয়ার অ্যাম্বুলেন্স, জরুরি অবতরণ ও স্পেশাল ফ্লাইট পরিচালনার কার্যক্রম চালু থাকবে বলেও বেবিচক’র আদেশ উল্লেখ করা হয়েছে।#