আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইমাম হুসাইন (আ.) এর আরবাইনের (চল্লিশা) শোক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আসা যায়েরদের উপর হামলার পরিকল্পনাকে নস্যাত করে দেয়ার তথ্য প্রকাশ করেছে ইরাকের নিরাপত্তা অধিদপ্তরের জনসংযোগ বিভাগ।
নিরাপত্তা অধিদপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে রাজধানী বাগদাদের একটি এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতি চিহ্নিত করে গোপন অভিযান চালায় ইরাকের জাতীয় নিরাপত্তা অধিদপ্তরের স্পেশাল ফোর্স। ঐ অভিযানে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওঁৎ পেতে থেকে এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। আটকৃত ঐ শীর্ষ সন্ত্রাসী ‘ভেলায়েতে ইরাক’ সন্ত্রাসী গ্রুপের একজন সক্রিয় কমান্ডার। নতুন পদের দায়িত্ব বুঝে নিতে উত্তর অঞ্চল থেকে বাগদাদে ফেরার পরপরই ঐ সন্ত্রাসীকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, শীর্ষ এ দায়েশ নেতা ইমাম হুসাইন (আ.) এর মাজার যিয়ারত করতে আসা জায়েরদের উপর হামলার পরিকল্পনা করেছিল। ঐ সন্ত্রাসীকে আটকের মাধ্যমে যায়েরদের উপর হামলার এ পরিকল্পনা নস্যাত হয়েছে।
ইরাকের নিরাপত্তা অধিদপ্তরের যোগাযোগ বিভাগের তথ্যের ভিত্তিতে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে, দায়েশ সন্ত্রাসীদের হাত থেকে কিরকুক শহরকে মুক্তকরণ অভিযান পরিচালনার সময় সে ইরাকি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযানের নেতৃত্ব দিয়েছে।
ইতিমধ্যে আটককৃত ঐ দায়েশ সন্ত্রাসীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রসঙ্গত, প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত ইমাম হুসাইন (আ.) এর কোটি কোটি যায়েরের (জিয়ারতকারী) উপস্থিতিতে অনুষ্ঠিত হয় ইমাম হুসাইন (আ.) এর আরবাইনের নজীরবিহীন মহসমাবেশ। বিশ্বব্যাপী কোরোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণ চলতি বছর শুধুমাত্র ইরাকি যায়েররা বিশ্বে নজীরবিহীন এ সমাবেশে অংশগ্রহণ করবেন এবং অন্যান্য দেশের যায়েরদের প্রবেশের সীমান্তগুলো ইতিমধ্যে বন্ধ করে দেয়া হয়েছে।#176