আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) :ইউক্রেনে মানবাধিকারের লঙ্ঘনের অভিযোগে বৃহস্পতিবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়াকে বরখাস্ত করা হয়।এ সম্পর্কে জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভাঞ্চি বলেন, রাশিয়ার বিরুদ্ধে পাস হওয়ার প্রস্তাবের খসড়াটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মনে করছে ইরান। তিনি বলেন, এই প্রস্তাব জাতিসংঘের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে।
রাভাঞ্চি বলেন, বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষা করাকে ইরান অত্যন্ত গুরুত্ব দেয়। কিন্তু একইসঙ্গে রাজনৈতিক উদ্দেশ্যে মানবাধিকারের মতো বিষয়ের অপব্যবহারকে নিন্দনীয় মনে করে। তিনি বলেন, মানবাধিকারকে সংকীর্ণ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করা উচিত নয়।
জেনেভাভিত্তিক জাতিসংঘের ৪৭ সদস্যের মানবাধিকার পরিষদ থেকে রাশিয়াকে বাদ দিতে প্রস্তাবের পক্ষে ১৯৩ সদস্যের সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সমর্থন প্রয়োজন ছিল। বাংলাদেশ ও ভারতসহ ৫৮ দেশ ভোট দান থেকে বিরত থাকায় তাদের অনুপস্থিত বলে বিবেচনা করা হয়। ফলে প্রস্তাবের পক্ষে ৯৩ ভোট পড়ায় তা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।ইরানসহ বিশ্বের ২৪ দেশ এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে।#
342/