ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জেনিন শহর ও জেনিন শরণার্থী শিবিরে রাতের অন্ধকারে চালানো এই হামলায় নিহতদের একজন হলেন ২১ বছর বয়সি ফিলিস্তিনি কিশোর সামিহ আবু আল-ওয়াফা। আজ (সোমবার) ভোররাত পর্যন্ত চলা ওই ইসরাইলি অভিযানে নিহত অপর দুই ফিলিস্তিনির পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
নিহতরা যখন জেনিন শরণার্থী শিবিরের একটি বাড়িতে অবস্থান করছিল তখন ইসরাইলি যুদ্ধবিমান থেকে বাড়িটিতে কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে বাড়িটি বিধ্বস্ত হয়ে তারা শহীদ হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরাইলি বিমান হামলার পরপরই ইহুদিবাদী সেনাদের সাঁজোয়া যানের বহর জেনিনে অনুপ্রবেশ করে। এ সময় ফিলিস্তিনি যোদ্ধারা প্রতিরোধ গড়ে তুলতে গেলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
ফিলিস্তিনি গণমাধ্যম জানায়, ইসরাইলি সেনারা দুই দিক দিয়ে জেনিন শহরে অনুপ্রবেশ করে। এ সময় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা ঘরে তৈরি বিস্ফোরক ডিভাইস দিয়ে দখলদার সেনাদের ওপর হামলা চালানোর চেষ্টা করেন। কিন্তু ইসরাইলি সেনারা ভারী অস্ত্রে সজ্জিত থাকায় এবং যুদ্ধবিমান ও হেলিকপ্টার গানশিপ দিয়ে অনবরত হামলা চলতে থাকায় ফিলিস্তিনি যোদ্ধারা সুবিধা করে উঠতে পারেননি। এই বর্বরোচিত সমন্বিত হামলায় বহু ইসরাইলি যুদ্ধবিমান ও হেলিপ্টার অংশগ্রহণ করেছে।#