১৭ নভেম্বর ২০২৩ - ১৪:৪৪
ইরানে আগ্রাসনের চিন্তাও করতে পারে না কোনো দেশ: ইরানের প্রেসিডেন্ট

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রায়িসি বলেছেন, ইরান সামরিক শিল্পে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে এবং কোনো দেশ এই ভূখণ্ডে আগ্রাসন চালানোর চিন্তাও করতে পারে না।

আজ (বৃহস্পতিবার) ইরানের দক্ষিণ-পশ্চিমের চহরমাহাল ও বাখতিয়ারি প্রদেশের শাহরেকুর্দে এক জনসমাবেশে তিনি এ কথা বলেন। ইরানের বিরুদ্ধে আমেরিকার সাম্প্রতিক হুমকির পর তিনি আজ এ কথা বললেন।

ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, সামরিক শিল্প ও সশস্ত্র বাহিনীর পাশাপাশি অর্থনীতি, জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তি, শহীদদের রক্ত এবং জনগণ দেশকে শক্তি ও দৃঢ়তার সঙ্গে এগিয়ে যেতে সাহায্য করছে। 

তিনি ফিলিস্তিনের নিরীহ জনগণের বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসনের নিন্দা জানিয়ে বলেন, ইরানি জাতি ও গোটা মুসলিম উম্মাহ ফিলিস্তিনিদের জন্য শোকাহত। সেখানে ইসরাইলি বর্বরতা ও নৃশংসতা এবং তাদের প্রতি পশ্চিমাদের সমর্থন গোটা বিশ্বকে হতবাক করে দিয়েছে। বিশ্বের সাধারণ মানুষ দখলদার ইসরাইল, যুক্তরাষ্ট্র ও ইউরোপকে ঘৃণা জানাচ্ছে।#