৮ ফেব্রুয়ারি ২০২৫ - ১৬:৩১
গাজার জনগণের বিরুদ্ধে ট্রাম্পের পরিকল্পনার শেকড় ক্ষমতার উন্মাদনা এবং ফ্যাসিবাদী মানসিকতার মধ্যে নিহিত: হিজবুল্লাহ

পার্সটুডে-লেবাননের হিজবুল্লাহ আন্দোলন এক বিবৃতিতে গাজা উপত্যকার বাসিন্দাদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার ট্রাম্পিয় পরিকল্পনার নিন্দা জানিয়েছে।

ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনার প্রতিক্রিয়ায় লেবাননের হিজবুল্লাহ বলেছে, এ ধরনের বক্তব্য ও ব্যবহৃত শব্দগুলো বর্ণবাদী এবং ফ্যাসিবাদী মতাদর্শের স্পষ্ট প্রকাশ। এই মানসিকতা সমস্ত মানবিক মূল্যবোধকে এবং জাতিগুলোকে তাদের নিজ নিজ মাতৃভূমিতে বসবাসের অধিকারকেও হুমকির মুখে ঠেলে দেবে। পার্সটুডে আরও জানায়, ওই বিবৃতিতে আরও বলা হয়েছে: ক্ষমতার উন্মাদনায় অহংকারী ট্রাম্প এবং তার প্রশাসন মনে করছে যে আমেরিকা প্রতিষ্ঠার প্রক্রিয়ায় ফিলিস্তিনের আদি বাসিন্দাদের নির্মূল করে এবং তাদের জমি ইহুদিবাদীদের হাতে তুলে দিয়ে তাদের পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। বলাবাহুল্য আমেরিকা আদি বাসিন্দাদের গণহত্যা এবং তাদের জায়গায় বসতি স্থাপনের ওপর ভিত্তি করে গড়ে উঠেছিলো।

হামাস: ফিলিস্তিনি জনগণ ট্রাম্পের পরিকল্পনা ব্যর্থ করে দেবে

এদিকে, ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা মাহমুদ মারদাভি এক বিবৃতিতে জোর দিয়ে বলেছেন: ফিলিস্তিনি জাতি ডোনাল্ড ট্রাম্পের হঠকারিতা আর দখলদার ইহুদিবাদীদের পরিকল্পনার কাছে আত্মসমর্পণ করবে না। তারা এই নতুন ষড়যন্ত্রকে পরাজিত করবেই যেমনিভাবে পূর্ববর্তী পরিকল্পনাগুলোকে ব্যর্থ করে দিয়েছিল। তিনি আরও বলেন: "ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় রাজনৈতিক, কূটনৈতিক এবং মাঠ পর্যায়ের পদক্ষেপ নিতে হবে এবং এর ধারাবাহিকতা বজায় রাখতে হবে। পদক্ষেপের মধ্যে থাকতে হবে ফিলিস্তিনি জাতীয় ঐক্য জোরদার করা এবং গাজা ও ফিলিস্তিনের সামনে যেসব হুমকি রয়েছে সেগুলো মোকাবেলায় একটি ঐক্যবদ্ধ ফ্রন্ট গঠন করা।"

ইসরায়েল কোটি কোটি ডলারের মার্কিন অস্ত্র পায়

গাজা দখলের জন্য ট্রাম্পের পরিকল্পনার প্রতিক্রিয়া এমন সময় এলো যখন মার্কিন প্রতিরক্ষা বিভাগ (পেন্টাগন) ঘোষণা করেছে, তাদের পররাষ্ট্র দপ্তর ইসরাইলের কাছে ৬.৭৫ বিলিয়ন ডলার মূল্যের গোলাবারুদ এবং অন্যান্য সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে। একইসঙ্গে, মার্কিন পররাষ্ট্র দপ্তর ইসরা‌ইলের কাছে ৬৬০ মিলিয়ন ডলার মূল্যের হেলফায়ার ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদনও দিয়েছে। অ্যাক্সিওস নিউজ ওয়েবসাইট জানিয়েছে, চুক্তিতে ৩,০০০ হেলফায়ার ক্ষেপণাস্ত্রও অন্তর্ভুক্ত রয়েছে, যেগুলোর সরবরাহ শুরু হবে ২০২৮ সাল থেকে।

গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পর ১,০০০ এরও বেশি ফিলিস্তিনি হতাহত হয়েছে

অপরদিকে, ইউরো-ভূমধ্যসাগরীয় মানবাধিকার ওয়াচ সেন্টার, গাজার বাসিন্দাদের বিরুদ্ধে ইহুদিবাদী সরকারের অপরাধমূলক নীতির সমালোচনা করে একটি বিবৃতি দিয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে: যুদ্ধবিরতি বাস্তবায়নের পর থেকে ১১০ জন ফিলিস্তিনি শহীদ এবং ৯০১ জন আহত হয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরাইল গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর বিপর্যয়কর জীবনযাত্রার মতো পরিস্থিতি চাপিয়ে দিচ্ছে এবং গাজার জনগণের ওপর জাতিগত শুদ্ধি অভিযান চালানোসহ জীবনের সকল মৌলিক চাহিদা থেকে বঞ্চিত করছে।

প্রতিরোধ ও তেল আবিবের মধ্যে নতুন করে বন্দী বিনিময়

আরেক খবরে জানা গেছে, হামাস আন্দোলনের সামরিক শাখা কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা ঘোষণা করেছেন: বন্দী বিনিময় চুক্তির কাঠামোর মধ্যে কাসাম ব্রিগেড আজ (শনিবার) ৩ জন ইহুদি বন্দীকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফিলিস্তিনি বন্দীদের তথ্য অফিস এক বিবৃতিতে জানিয়েছে, ওই তিন ইহুদিবাদী বন্দীর মুক্তির বিনিময়ে দখলদার ইসরাইলের কারাগার থেকে ১৮৩ জন ফিলিস্তিনি বন্দী মুক্তি পাবে।#