১৪ মে ২০১৫ - ১৮:৩৪
ইরাকে আইএসআইএলের ভারপ্রাপ্ত প্রধান নিহত

ইরাকে তৎপর উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের দ্বিতীয় শীর্ষ কমান্ডার নিহত হয়েছে।

আবনা : ইরাকে তৎপর উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের দ্বিতীয় শীর্ষ কমান্ডার নিহত হয়েছে। ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার উত্তর ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় আবু আলা আল-আফারি নিহত হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তাহসিন ইব্রাহিম জানিয়েছেন, একটি মসজিদে পশ্চিমা জোটের বিমান হামলায় আফারি নিহত হয়েছে। তবে মার্কিন সেনাবাহিনী মসজিদে বিমান হামলা চালানোর খবর অস্বীকার করেছে।
গত মার্চ মাসে এক বিমান হামলায় আইএসআইএলের স্বঘোষিত ‘খলিফা’ আবু বকর আল-বাগদাদি গুরুহর আহত হন। এরপর আল-আফারি এ জঙ্গি গোষ্ঠীর ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পালন করছিলেন।
জেনারেল ইব্রাহিম জানিয়েছেন, ইরাকের উত্তরাঞ্চলীয় তাল আফার শহরের কাছে আল-ইয়াধিয়া গ্রামের আশ-শুহাদা মসজিদে মার্কিন বিমান হামলায় আফারি’সহ কয়েক ডজন জঙ্গি নিহত হয়েছে। ২০১৪ সালের জুন মাসে নেইনাভা প্রদেশের তাল আফার শহরটি দখল করে নেয় আইএসআইএল। ঠিক কোন দেশের বিমান হামলাটি চালিয়েছে তা জানাননি জেনারেল ইব্রাহিম। তবে গত বছরের আগস্ট মাসে শুরু হওয়া জোট বাহিনীর নেতৃত্বে রয়েছে আমেরিকা। ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ হামলার একটি ভিডিও চিত্র প্রকাশ করলেও হামলাটি কবে হয়েছে তা জানায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইরাকি কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার মার্কিন নেতৃত্বাধীন জোটের জঙ্গি বিমান থেকে এ হামলা চালানো হয়।
তাকফিরি সন্ত্রাসীদের ভারপ্রাপ্ত প্রধান আফারির নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নেইনাভা প্রদেশের গভর্নর আদিল আল-নুজাইফি। আইএসআইএলের দ্বিতীয় শীর্ষ কমান্ডারের নিহত হওয়ার বিষয়টিকে এ সন্ত্রাসী গোষ্ঠীর জন্য বড় ধরনের আঘাত বলে মনে করছেন পর্যবেক্ষকরা। সাম্প্রতিক মাসগুলোতে এ জঙ্গি গোষ্ঠী যুদ্ধক্ষেত্রে বড় ধরনের পরাজয়ের মুখোমুখি হয়েছে।#