আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : ইরাকের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বসরায় মার্কিন একটি চালকহীন বিমান বা ড্রোন ভূপাতিত হয়েছে। ইরাকের একটি নিরাপত্তা সূত্র থেকে এ খবর দেয়া হয়েছে।
এতে বলা হয়েছে, গোলযোগপূর্ণ আনবার প্রদেশে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএল’এর তথাকথিত অবস্থানের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় যোগ দেয়ার জন্য যাওয়ার পথে এটি বিধ্বস্ত হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ইরাকি সূত্রটি আরো বলেছে, কাতারের মার্কিন ঘাটি থেকে ড্রোনটি আকাশে উড়েছিল। কারিগরি ত্রুটি দেখা দেয়ায় এটি বসরার আল-লাহিস মরুভূমিতে বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার পরই এটি বিস্ফোরিত হয় বলে জানানো হয়েছে।#