৫ জুন ২০১৫ - ২৩:২৮
মালালার ওপর হামলাকারী ৮ জনকে গোপনে মুক্তি

পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলন কর্মী ও শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাইয়ের ওপর হামলাকারী হিসেবে গ্রেফতার হওয়া ১০ জনের মধ্যে ৮ জনকেই নির্দোষ হিসেবে মুক্তি দেয়া হয়েছে।

আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলন কর্মী ও শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাইয়ের ওপর হামলাকারী হিসেবে গ্রেফতার হওয়া ১০ জনের মধ্যে ৮ জনকেই নির্দোষ হিসেবে মুক্তি দেয়া হয়েছে। অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে তাদের খালাস দেয়া হয়। ৩০ এগ্রিল ওই ১০ জনকেই যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন পাকিস্তানের উত্তর-পশ্চিম অঞ্চলের একটি আদালত। শুক্রবার মাত্র দু’জনকে অভিযুক্ত করা হয়েছে। খবর বিসিসি ও ইয়াহুনিউজসহ বিভিন্ন সংবাদ মাধ্যমের।
লন্ডনে পাকিস্তানের হাইকমিশনের মুখপাত্র মুনির আহমেদ বলেন, যথাযথ সাক্ষ্য-প্রমাণের অভাবে ৮ জনকে ছেড়ে দেয়া হয়েছে।
পাকিস্তানের সোয়াতের পুলিশ প্রধান সালিম মারওয়াতও মাত্র দু’জনকে অভিযুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এর আগে সোয়াতেরই একজন সরকারি কৌঁসুলি সাঈদ নাইম একটি সংবাদ সংস্থাকে জানিয়েছিলেন, প্রত্যেক জঙ্গিকে ২৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। পাকিস্তানে ২৫ বছর যাবজ্জীবন কারাদণ্ড।
খবরে বলা হয়, ১০ জনের সংবাদ প্রকাশের পর লন্ডনভিত্তিক সংবাদ মাধ্যম ডেইলি মিরর অভিযুক্তদের অবস্থান সম্পর্কে খোঁজ করা শুরু করলে ৮ জনের মুক্তির বিষয়টি প্রকাশ পায়। এই ৮ জন এখন কোথায় আছে তা কেউ বলতেও পারেনি। তবে এপ্রিলে ১০ জনকে অভিযুক্ত করে রায় প্রকাশের সংবাদ প্রচারিত হওয়ার পর অনেকেই অবাক হয়েছিলেন। কারণ বিচার কার্য সম্পর্কে কারও কোনো ধারণাই ছিল না। সেই ১০ জনকে কোথায়, কিভাবে এবং কখন গ্রেফতার করা হয়, তারা আক্রমণের সঙ্গে কিভাবে জড়িত বা তাদের বিরুদ্ধে অভিযোগ কি এসব ব্যাপারেও কর্তৃপক্ষ সে সময় কিছুই জানায়নি।
বিচার কাজ ঘিরে এভাবে গোপনীয়তা রক্ষা করায় বিষয়টি নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে। বলা হচ্ছে, বন্ধ দরজার পেছনেই বিচার কার্য সম্পন্ন হয়েছে।
পাকিস্তানি এক নিরাপত্তা সূত্র জানিয়েছে, সাধারণত পাকিস্তানে সন্ত্রাসবিরোধী বিচার কার্যগুলো জনগণের সামনে প্রকাশ করা হয় না। এই বিচার কাজও আদালতের পরিবর্তে গোপনীয়তার মধ্যে সেনাবাহিনীর তদারকিতে সম্পন্ন হয়েছে।#