২০ জুন ২০১৫ - ০৪:১৬
ওয়ার্ল্ড ভলিবল লিগে আমেরিকাকে বিধ্বস্ত করল ইরান

২০১৫ ভলিবল ওয়ার্ল্ড লিগের ‘বি’ গ্রুপের খেলায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আমেরিকাকে ৩-০ সেটে পরাজিত করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান।

আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : ২০১৫ ভলিবল ওয়ার্ল্ড লিগের ‘বি’ গ্রুপের খেলায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আমেরিকাকে ৩-০ সেটে পরাজিত করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। এর আগে গত বছরের আগস্টে প্রীতি ম্যাচে ইরানের ভলিবল দল আমেরিকাকে ৩-২ সেটে হারিয়েছিল। তবে ওয়ার্ল্ড ভলিবল লিগে এই প্রথম আমেরিকাকে পরাজয়ের স্বাদ দিল ইরান।
শুক্রবার রাতে তেহরানের আজাদি স্টেডিয়ামে ১২ হাজার দর্শকের উপস্থিতিতে আমেরিকাকে রীতিমতো বিধ্বস্ত করে ইরানি ভলিবল খেলোয়াড়রা। ইরানের তারকা খেলোয়াড় শাহরাম মাহমুদির ১৭ পয়েন্টের সুবাদে ৩-০ সেটে (২৫-১৯, ২৯-২৭, ২৫-২০) আমেরিকাকে বিধ্বস্ত করা সম্ভব হয়। এর আগে চলতি টুর্নামেন্টের ছয়টি খেলাতেই জয়ী হয়েছিল আমেরিকা।
ওয়ার্ল্ড ভলিবল লিগে আমেরিকাকে প্রথমবারের মতো হারানোর পর ইরানের সার্বিয় কোচ স্লোবোদান কোচাক দলের খেলোয়াড়দের প্রশংসা করে বলেন, ‘দু দলের জন্যই এই খেলাটা অত্যন্ত কঠিন ছিল তবে আমরা ভালো কিছু করতে পেরেছি।‘
বি গ্রুপে সাত খেলায় ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে আমেরিকা। সমানসংখ্যক ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পোল্যান্ড দ্বিতীয় এবং ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ইরান। সাত ম্যাচের সবগুলোতে হেরে রাশিয়ার অবস্থান সর্বশেষে।
তবে, ১৭ পয়েন্ট নিয়ে খেলোয়াড়দের মধ্যে শীর্ষে অবস্থান করছেন ইরানি তারকা শাহরাম মাহমুদি। ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছেন  আমেরিকার ম্যাথুউ অ্যান্ডারসন ও অ্যারোন রাসেল।
ইরান ও আমেরিকার আগামী রোববার আবারো পরস্পরের মুখোমুখি হবে। এছাড়া, চলতি মাসের ২৬ ও ২৮ তারিখে পোল্যান্ড এবং ৩ ও ৪ জুলাই রাশিয়ার বিপক্ষে খেলবে ইরান।#