আবনা ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদে আজ (সোমবার) ইরাকি জঙ্গিবিমান থেকে ফেলা বোমায় অন্তত ৯ জন নিহত এবং অনেকে আহত হয়েছে। কারিগরি ত্রুটির কারণে ইরাকি জঙ্গিবিমান থেকে নতুন বাগদাদের জাদিদা এলাকায় বোমাটি পড়েছে। এলাকাটি বাগদাদের রাশিদ বিমান ঘাঁটির কাছে অবস্থিত।
সুখোই জঙ্গিবিমানটি তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইল’এর বিরুদ্ধে বোমা হামলায় অংশ নিয়েছিল। সে সময়ে বোমাটি না পড়ে বিমানে আটকে যায়। ইরাকের নিরাপত্তা বিষয়ক মুখপাত্র বিগ্রেডিয়ার জেনারেল সাদ মান এক বিবৃতিতে জানিয়েছেন, কারিগরি ত্রুটির কারণে বোমাটি জঙ্গিবিমানে আটকে ছিল। ঘাঁটিতে ফেরার পথে বোমাটি তিনটি বাড়ির উপর পড়ে বলে বিবৃতি জানানো হয়।
পুরনো বিমান দিয়ে ইরাকের সুখোই স্কোয়াড্রন গঠন করা হয়েছে। আইএসআইএল বিরোধী যুদ্ধে ইরাককে এ সব বিমানের ওপরই ভরসা করতে হচ্ছে। আমেরিকা ইরাকের কাছে ৩৬টি এফ-১৬ জঙ্গিবিমান বিক্রির প্রতিশ্রুতি দিলেও এ পর্যন্ত একটি বিমানও দেশটিকে সরবরাহ করে নি।#