২১ সেপ্টেম্বর ২০১৫ - ১২:৪৫
ইয়েমেনে ওমানের রাষ্ট্রদূতের বাসভবনে সৌদি হামলা

ইয়েমেনের রাজধানী সানায় নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত বদর আল-মান্থেরির বাসভবনে বিমান হামলা করেছে সৌদি নেতৃত্বাধীন বহুজাতিক আরব জোট।

আবনা ডেস্ক: ইয়েমেনের রাজধানী সানায় নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত বদর আল-মান্থেরির বাসভবনে  বিমান হামলা করেছে সৌদি নেতৃত্বাধীন বহুজাতিক আরব জোট। এতে ভবনটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
শনিবার এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
পাশাপাশি এ ঘটনায়  তীব্র নিন্দা জানিয়েছে হুতি যোদ্ধাদের প্রতি সহানুভূতিশীল ইসলামি প্রজাতন্ত্র ইরান। দেশটির কর্তৃপক্ষ বলেছে, সৌদি আরবের এ হামলার মধ্যদিয়ে পরিষ্কার হয় যে, ওমানের মতো একটি শান্তিপ্রিয় দেশকেও সহ্য করতে রাজি নয় রিয়াদ। এদিকে পরে এক সংবাদ ব্রিফিংয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারজিয়ে আফখাম বলেছেন,  ইয়েমেনে সংকট নিরসনে ওমানের ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে বহুবার প্রশংসিত হয়েছে।
তিনি জানান, যুদ্ধকবলিত ইয়েমেনের জনগণের সহায়তার জন্য ওমান সরকার আন্তর্জাতিক রেডক্রসের সঙ্গে পূর্ণভাবে সহযোগিতা করে আসছে যাতে বিপর্যয় ঠেকানো যায়। কিন্তু সৌদি আরব সেটুকুও সহ্য করতে নারাজ। আফখাম বলেছেন, ইয়েমেনে সৌদি হামলা সমস্ত আন্তর্জাতিক আইন-কানুনের লঙ্ঘন।
প্রসঙ্গত, গত ২৬ মার্চ থেকে সৌদি আরব জাতিসংঘের কোনা রকমের অনুমতি না নিয়েই ইয়েমেনে বিমান হামলা শুরু করেছে এবং এখনো তা চলছে। ইয়েমেনের আনসারুল্লাহ যোদ্ধাদের দমন এবং পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় পুনর্বহাল করার লক্ষ্যে সৌদি আরব এ আগ্রাসন শুরু করেছে। তবে বাহ্যত এখনও পর্যন্ত কোনো লক্ষ্যই বাস্তবায়ন করতে পারে নি রিয়াদ।