৭ ডিসেম্বর ২০১৫ - ০৫:১২
৪৮ ঘণ্টার মধ্যে সেনা সরিয়ে নিন: তুরস্ককে ইরাকের হুঁশিয়ারি

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি তার দেশের উত্তরাঞ্চল থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সেনা সরিয়ে নিতে তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছেন।

আবনা ডেস্ক : ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি তার দেশের উত্তরাঞ্চল থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সেনা সরিয়ে নিতে তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তুরস্ক এ সময়ের মধ্যে সেনা প্রত্যাহার না করলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যাবে বাগদাদ।
ইরাকের জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠক শেষে হায়দার এবাদি এক বিবৃতিতে বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে সেনা প্রত্যাহার না করলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যাওয়াসহ সম্ভাব্য সব কিছু করার অধিকার রাখে বাগদাদ। তিনি বলেছেন, ইরাক সরকারের অনুমতি ছাড়া এ ধরনের সেনা মোতায়েনের ঘটনা জাতীয় সার্বভৌমত্বের প্রকাশ্য লঙ্ঘন এবং এ পদক্ষেপ কোনোমতেই সৎপ্রতিবেশিসুলভ নীতির আওতায় পড়ে না। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসওগ্লু দাবি করেছেন, ইরাকের প্রতিরক্ষামন্ত্রীর অনুরোধে তারা সেনা পাঠিয়েছেন।
এদিকে, ইরাকের প্রভাবশালী এমপি খালেদ আল-আসাদি রুশ বার্তা সংস্থা স্পুৎনিককে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, তুরস্ক সেনা প্রত্যাহার না করলে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের মতোই তাদের সঙ্গে ব্যবহার করা হবে। তিনি ইরাকের ভেতরে তুর্কি সেনা পাঠানোকে আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন বলে উল্লেখ করেন। অন্যদিকে, ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির নুরি বলেছেন, তুরস্ক যদি সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করার জন্য সেনা পাঠিয়ে থাকে তাহলেও কেন আগেই ইরাকের সঙ্গে পরামর্শ করা হলো না। তিনি বলেন, তুর্কি সরকারের কাছ থেকে ব্যাখ্যা আসার অপেক্ষা করছে বাগদাদ।#