১৬ ডিসেম্বর ২০১৫ - ১২:২৬
“সামরিক জোটে নাম অন্তর্ভুক্তি জানেনা পাকিস্তান”

পাকিস্তানকে না জানিয়ে সৌদি আরবের নেতৃত্বাধীন সন্ত্রাসবাদ বিরোধী সামরিক জোটে দেশটির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

আবনা ডেস্ক: পাকিস্তানকে না জানিয়ে সৌদি আরবের নেতৃত্বাধীন সন্ত্রাসবাদ বিরোধী সামরিক জোটে দেশটির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনই অভিযোগ করেছে পাকিস্তান। এ বিষয়ে রিয়াদের ব্যাখ্যা নেয়ার জন্য সৌদি আরবের পাক রাষ্ট্রদূতকে নির্দেশ দেয়া হয়েছে। পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন আজ এ খবর দিয়েছে।
রাজধানী ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এ কথা জানান, পাক পররাষ্ট্র সচিব এজাজ চৌধুরী। তিনি বলেন, সৌদি নেতৃত্বাধীন জোটে পাকিস্তানের নাম রয়েছে এ খবর পড়ে তিনি বিস্মিত হয়েছেন। এ বিষয়ে সৌদি আরবের ব্যাখ্যা নেয়ার জন্য রিয়াদের পাক রাষ্ট্রদূতকে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।
জোটে অন্তর্ভুক্তের আগে সৌদি আরব ইসলামাবাদের সম্মতি নেয়নি বলে নিশ্চিত করেছেন আরেক পদস্থ পাক কর্মকর্তা। গতকাল সৌদি সরকার এক বিবৃতির মাধ্যমে এ জোট গঠনের কথা জানিয়েছে। অবশ্য রিয়াদ কিসের ভিত্তিতে নতুন জোটে পাকিস্তানের অন্তর্ভুক্তির ঘোষণা দিয়েছে তা এখনো পরিষ্কার নয়।
ইসলামাবাদকে অবহিত না করে কোনো সামরিক জোটে পাকিস্তানকে অন্তর্ভুক্ত করার ঘোষণা এই প্রথম নয়। এর আগে ইয়েমেনে আগ্রাসনে জড়িত সামরিক জোটে পাকিস্তান রয়েছে বলে ঘোষণা করেছিল সৌদি আরব। এ ছাড়া, এ জোটের মিডিয়া সেন্টারে পাকিস্তানি পতাকাও প্রদর্শন করা হয়েছিল। কিন্তু পাকিস্তান পরে ইয়েমেন বিরোধী যুদ্ধে অংশ নিতে অস্বীকার করেছে।
জাতিসংঘ শান্তি মিশন ছাড়া দেশের বাইরে কোনো সীমান্তে সেনা মোতায়েন না করার নীতি গ্রহণ করেছে পাক সরকার। আইএস বিরোধী লড়াইয়ে যোগ দেয়ার দু’ দফা আহ্বান জানিয়েছিল আমেরিকা। পাকিস্তান এ নীতির কথা বলে তা প্রত্যাখ্যান করেছিল।
সৌদি আরবের সঙ্গে সন্ত্রাসবাদ বিরোধী সহযোগিতায় জড়িত রয়েছে পাকিস্তান। এ ছাড়া, দেশটির সঙ্গে পাকিস্তানের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কও রয়েছে। কিন্তু এ কারণে পাকিস্তান দেশের বাইরে সামরিক তৎপরতায় জড়িত থাকা সংক্রান্ত তার নীতিতে পরিবর্তন আনবে কিনা সে বিষয়ে এখনো কোনো আভাস পাওয়া যায় নি।