আবনা ডেস্ক : ইহুদিবাদী ইসরাইল ও আমেরিকার সঙ্গে যৌথ সামরিক মহড়া চালিয়েছে সৌদি আরব। ইসরাইলি গনমাধ্যমে প্রকাশিত খবরের বরাত দিয়ে একথা জানিয়েছে আরবি নিউজ চ্যানেল আল-মাসিরা।
এসব গণমাধ্যম জানিয়েছে, সম্প্রতি অনুষ্ঠিত এ সামরিক মহড়ায় আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত অংশ নিয়েছে। তবে গোপনে অনুষ্ঠিত এ মহড়ার খবর আন্তর্জাতিক গণমাধ্যমকে প্রকাশ করতে দেয়া হয়নি।
এমনকি ঠিক কোন এলাকায় এ মহড়া হয়েছে তাও জানানো হয়নি। তবে মধ্যপ্রাচ্যে আমেরিকার শত্রু দেশগুলোর বিরুদ্ধে বিমান-যুদ্ধের মহড়া চালানো হয় এতে। এই যৌথ মহড়ায় অজ্ঞাত আরো কিছু আরব দেশও অংশ নিয়েছে বলে জানিয়েছে আল-মাসিরা।
গত কয়েক বছরে সৌদি আরব ও ইহুদিবাদী ইসরাইলের মধ্যে অতি গোপনে সম্পর্কের যথেষ্ট বিস্তার ঘটেছে। অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি নির্মাণের কাজে সৌদি রাজপুত্ররা বিপুল অঙ্কের অর্থ তেল আবিবের হাতে তুলে দিয়েছে বলেও খবর পাওয়া গেছে।#