২৩ ডিসেম্বর ২০১৫ - ০১:৩৬
ভারতে ৭২ ঘণ্টার মধ্যে ট্রেন ওড়ানোর হুমকি দিয়েছে আইএসআইএল

আইএসআইএল-এর নাম করে ট্রেন উড়িয়ে দেয়ার হুমকি বার্তা আসায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আবনা ডেস্ক: আইএসআইএল-এর নাম করে ট্রেন উড়িয়ে দেয়ার হুমকি বার্তা আসায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভারতের বিহারের রাজধানী পাটনার এক সাংবাদিকের মোবাইল ফোনে এই হুমকি বার্তা পাঠানো হয়েছে। এতে রাজধানী এক্সপ্রেসসহ কয়েকটি বিশেষ ট্রেনে বিস্ফোরণের হুমকি দেয়া হয়েছে।
হুমকি বার্তায় বলা হয়েছে, দিল্লি থেকে চলা রাজধানী এক্সপ্রেস, সম্পূর্ণ ক্রান্তি এক্সপ্রেস, বৈশালী এক্সপ্রেসসহ অন্য গুরুত্বপূর্ণ ট্রেনকে তিন দিনের মধ্যে বোমায় উড়িয়ে দেয়া হবে। রীতিমত চ্যালেঞ্জ জানিয়ে বলা হয়েছে, সরকারের যদি ক্ষমতা থাকে তাহলে একে প্রতিহত করুক। মেসেজের শেষে ‘আইএসআইএল’ লেখা হয়েছে।
এ ধরণের হুমকি বার্তা পাওয়ার পর সংশ্লিষ্ট ওই সাংবাদিক দ্রুত পাটনার সিনিয়র পুলিশ সুপারকে বিষয়টি জানান। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকে এরইমধ্যে সংশ্লিষ্ট এলাকায় পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। বিভিন্ন এলাকার রেল যাত্রীদের জিনিসপত্রও তল্লাশি করে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, এর আগেও বিভিন্ন সময়ে সাংবাদিকদের মোবাইল ফোনে পাটনা রেল স্টেশনসহ বিভিন্ন ধর্মীয়স্থল উড়িয়ে দেয়ার বার্তা আসলেও ঘটনার তদন্তে নেমে পুলিশ এর যথার্থতা খুঁজে পায়নি। নিরাপত্তা এজেন্সিকে বিভ্রান্ত করতেই অসামাজিক অংশের পক্ষ থেকে এ ধরণের হুমকি দেয়া হয় বলে পুলিশ জানতে পারে। যদিও পাটনা পুলিশের পক্ষ থেকে বর্তমান হুমকিকে মোটেও খাটো করে না দেখে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা এজেন্সিকে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।#