আবনা ডেস্ক: রাশিয়া বলেছে, অধিক মাত্রায় অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন করে বিশ্ব বাজারকে অস্থিতিশীল করেছে সৌদি আরব।
রুশ জ্বালানিমন্ত্রী আলেকজান্দার নোভাক দেশটির রাশিয়া ২৪ চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন।
তিনি বলেন, চলতি বছর সৌদি আরব প্রতিদিন ১৫ লাখ ব্যারেল বেশি তেল উত্তোলন করেছে। আর তাতে তেলবাজার কার্যকরভাবে অস্থিতিশীল হয়ে পড়েছে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, আগামী বছরের দ্বিতীয়ার্ধে তেল সরবরাহের মাত্রা হয়ত চাহিদা মোকাবেলা করতে পারবে। অবশ্য নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর ইরানের তেল উৎপাদন বাড়বে। এতে বাজারে আরো প্রভাব পড়তে পারে বলেও মনে করেন তিনি।
বিশ্ববাজারে চাহিদার তুলনায় মাত্রাতিরিক্ত সরবরাহ থাকা সত্ত্বেও তেল উৎপাদনের বর্তমান মাত্রা বজায় রাখার সিদ্ধান্ত নেয় তেল রফতানিকারক দেশগুলোর সংস্থা ওপেক। ফলে বিশ্ববাজারে তেলের সর্বশেষ মূল্যপতন ঘটে। বর্তমানে দৈনিক বাজারে তিন কোটি ১০ লাখ ব্যারেল তেল রফতানি করছে ওপেক।