১৪ ডিসেম্বর ২০২০ - ০৮:২০
সশস্ত্র সংগ্রামই ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে লড়াইয়ের একমাত্র পথ: হামাস

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের একজন শীর্ষ পর্যায়ের নেতা বলেছেন, তার সংগঠন বিশ্বাস করে যে, সশস্ত্র সংগ্রামই ইহুদিবাদী ইসরাইলকে মোকাবেলার একমাত্র পথ। সম্প্রতি কয়েকটি আরব দেশ ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার যে উদ্যোগ নিয়েছে তারও নিন্দা করেন হামাসের এ নেতা।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): হামাস প্রতিষ্ঠার ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল (রোববার) আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাসিম ইয়াসিন নামে হামাসের শীর্ষ পর্যায়ের এ নেতা এসব কথা বলেন। করোনভাইরাসের মহামারীর কারণে হামাস গতকালের মূল অনুষ্ঠান বাতিল করে। এসময় তিনি হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমাদ ইয়াসিনের অবদানের কথা স্মরণ করেন।

২০০৪ সালের ২২ মার্চ হামাসের প্রতিষ্ঠাতা শেখ ইয়াসিন ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় শহীদ হন। ওইদিন ভোরে ৬৭ বছর বয়সী এ নেতা হুইল চেয়ারে করে গাজা শহরে তার বাড়ির কাছে মসজিদে নামাজ আদায়ের জন্য বের হলে ইসরাইল বিমান হামলা চালায়।

হামাস নেতা নাসিম ইয়াসিন আরো বলেন, তার সংগঠন এমন সময় ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছে যখন ফিলিস্তিনি ইস্যু নানামুখী চ্যালেঞ্জের মধ্যে দিয়ে সময় পার করছে। পাশাপাশি করোনাভাইরাসের মহামারি রয়েছে যা ইহুদিবাদী ইসরাইলের অবরোধের কারণে গাজাবাসীকে বাড়তি সংকটের মুখে ফেলেছে।#

342/