আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে রাজধানী ঢাকায় লাখো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য জশনে জুলুস।
সাদা পোশাক ও টুপি পরিহিত ধর্মপ্রাণ মানুষের ঢল, কালেমা খচিত পতাকা, প্ল্যাকার্ড, রঙিন ফেস্টুন এবং জাতীয় পতাকায় মুখর হয়ে ওঠে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক।
ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া-এর উদ্যোগে এই জশনে জুলুস বের করা হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি শাহসূফী ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভাণ্ডারী।
ভোরের আলো ফোটার আগ থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ধর্মপ্রাণ সুফিবাদী জনতা সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হতে শুরু করেন। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে পুরো উদ্যান পরিণত হয় মানুষের এক বিশাল মিলনমেলায়। নারী, পুরুষ, শিশু ও বিভিন্ন বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সৃষ্টি হয় উৎসবমুখর ও আধ্যাত্মিক আবহ।
সোহরাওয়ার্দী উদ্যানের পশ্চিম গেট থেকে শুরু হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রাটি দোয়েল চত্বর, শিক্ষা ভবন ও সচিবালয় সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সোহরাওয়ার্দী উদ্যানে এসে শেষ হয়।
শোভাযাত্রার অগ্রভাগে বহন করা বিশাল ব্যানারে লেখা ছিল—‘ইয়া নবী সালামু আলাইকা’ এবং ‘ইয়া রাসূল সালামু আলাইকা’। অংশগ্রহণকারীদের হাতে ছিল কালেমা খচিত পতাকা, বিভিন্ন ধর্মীয় ও শান্তির বার্তাসংবলিত প্ল্যাকার্ড এবং রঙিন ফেস্টুন। অনেককে বিশাল জাতীয় পতাকা বহন করেও শোভাযাত্রায় অংশ নিতে দেখা যায়।
অংশগ্রহণকারীদের অধিকাংশের গায়ে ছিল সাদা টি-শার্ট এবং মাথায় সাদা ক্যাপ। পুরো পথজুড়ে মুখরিত হতে থাকে ‘নারায়ে তাকবীর’, ‘নারায়ে রিসালাত’ সহ নানা ধর্মীয় স্লোগান। নবীপ্রেমের আবেগ, ধর্মীয় উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সৃষ্টি হয় এক অনন্য দৃশ্য।
জশনে জুলুস শেষে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশ। সেখানে দেশ-বিদেশের আলেম-ওলামা, সুফি ব্যক্তিত্ব, ধর্মীয় নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে বিশ্বশান্তি, মানবতা, সম্প্রীতি এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরা হয়।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা প্রকাশের পাশাপাশি তাঁর শিক্ষা ও আদর্শের আলোকে শান্তি, সহনশীলতা, মানবিকতা এবং ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
রাজধানীর কেন্দ্রস্থলে লাখো মানুষের অংশগ্রহণে আয়োজিত এই জশনে জুলুস ও আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশে পরিণত হয়।
জশনে জুলুসের ছবি খবর:ঈদে মিলাদুন্নবী; রাজধানীতে লাখো মানুষের জশনে জুলুস
Your Comment