আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): শহীদ সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ও হাশেম সাফিউদ্দিনের শাহাদত বার্ষিকী উপলক্ষে দেওয়া বক্তব্যে হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম প্রতিরোধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন: “আপনারা বিশ্বের স্বাধীনতাকামী মানুষের প্রতীক ও আদর্শে পরিণত হয়েছেন।
আপনারা আন্তর্জাতিক প্রতিরোধের নেতা এবং বিশ্বের স্বাধীনতাকামী মানুষের অনুপ্রেরণা। আপনারা আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু আপনাদের শিক্ষা রয়ে গেছে। আপনাদের আলো এখনো আমাদের দৃঢ়তা ও সংকল্প জোগায়। আপনারা একটি দল, একটি প্রতিরোধ এবং একটি দৃঢ় ও শক্তিশালী গণআন্দোলন গড়ে তুলেছিলেন। আমরা এই পথ অব্যাহত রাখব।”
তিনি বলেন, হিজবুল্লাহর প্রয়াত মহাসচিব শহীদ সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বিশ্বের স্বাধীনতাকামী মানুষের প্রতীক ও অনুপ্রেরণায় পরিণত হয়েছেন। তিনি আরও বলেন, “আপনারা ফিলিস্তিনের পতাকা উড্ডীন করেছেন এবং সেটিকে আমাদের জীবনের অংশ করে তুলেছেন।
ফিলিস্তিন আমাদের কম্পাস হয়ে থাকবে এবং আমাদের ভূমি মুক্ত করাই থাকবে আমাদের অগ্রাধিকার। শহীদদের মর্যাদা এবং তাঁদের পথ অব্যাহত থাকার বরকতে এই মৃত্যুবার্ষিকী আমাদের দৃঢ়তা ও টিকে থাকার শক্তি দিয়েছে।”
প্রতিরোধ আগ্রাসীদের লক্ষ্য ব্যর্থ করেছে
শেখ নাঈম কাসেম বলেন: “প্রতিরোধ যোদ্ধা ও সম্মানিত জনগণের সহযোগিতায় আগ্রাসনের লক্ষ্যগুলো নস্যাৎ করেছে। প্রতিরোধ প্রমাণ করেছে যে, আগ্রাসীরা একে ধ্বংস করার লক্ষ্য অর্জনে সক্ষম নয়। প্রতিরোধ যোদ্ধারা এই বিশাল শক্তির মোকাবিলা করতে সক্ষম হয়েছেন। তারা শত্রুর ব্রিগেড ও সেনাবাহিনীর অগ্রযাত্রা থামিয়ে দিয়েছেন।”
ইরানের অবস্থানের প্রশংসা
হিজবুল্লাহর মহাসচিব আরও বলেন: “আমরা বীর, আত্মত্যাগী ও শহীদদের দেশ ইরানের অবস্থানের প্রশংসা করি—যে ইরান ইসলামী বিশ্বের কাছে হজরত সাইয়্যেদ আলী খামেনেয়িকে উপহার দিয়েছে।”
হিজবুল্লাহর মহাসচিব ইরানের জনগণকে একটি মহান জাতি হিসেবে উল্লেখ করেন এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি), নিরাপত্তা বাহিনী, কমান্ডার ও সংশ্লিষ্ট কর্মীদের প্রশংসা করেন। তিনি আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনেয়ির নেতৃত্বে ইরানের অগ্রগতি অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
Your Comment