২৫ জানুয়ারি ২০১৪ - ২০:৩০
মিশরে ইখওয়ান-সেনা সমর্থক সংঘর্ষ; নিহত অন্তত ২৯

মিশরের রাজপথে আজকের (শরিবার) সহিংসতায় অন্তত ২৯ নিহত হয়েছে। এর মধ্যে রাজধানী কায়রো এবং তার আশপাশে নিহত হয়েছে ২৬ জন। তবে, বেসরকারিভাবে নিহতের সংখ্যা ৪০-এর বেশি বলে জানানো হয়েছে।

বার্তা সংস্থা আবনা : মিশরের রাজপথে আজকের (শরিবার) সহিংসতায় অন্তত ২৯ নিহত হয়েছে। এর মধ্যে রাজধানী কায়রো এবং তার আশপাশে নিহত হয়েছে ২৬ জন। তবে, বেসরকারিভাবে নিহতের সংখ্যা ৪০-এর বেশি বলে জানানো হয়েছে।

মিশরের সবচেয়ে বড় রাজনৈতিক দল ইখওয়ানুল মুসলিমিন এবং সেনা সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে অজ্ঞাতসংখ্যক মানুষ আহত হয়েছে। দেশটির সরকারি এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

২০১১ সালের গণঅভ্যুত্থানের বার্ষিকীতে এ সংঘর্ষ হলো। ওই অভ্যুত্থানের পর মিশরের সাবেক স্বৈরশাসক হোসনি মুবারকের পতন অনিবার্য হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত ১১ ফেব্রুয়ারি তিনি ক্ষমতা ছাড়তে বাধ্য হন।

কায়রো ও আশপাশের এলাকায় ইখওয়ান সমর্থকদের বিরুদ্ধে একজোট হয়ে সংঘর্ষে লিপ্ত হয় পুলিশ ও সেনা সমর্থিত কথিত অন্তর্বর্তী সরকারের সমর্থকরা। এছাড়া, সংঘর্ষ হয়েছে- গিজা, মিনা এবং আলেকজান্দ্রিয়া শহরে।

এদিকে, গণঅভ্যুত্থানের বার্ষিকীতে বিক্ষোভ করতে গিয়ে আটক হয়েছেন ইখওয়ানের অন্তত ৩০০ নেতা-কর্মী।

গত ৩ জুলাই মিশরের সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-সিসি অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত প্রেসিডেন্ট ড. মুহাম্মাদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে ইখওয়ানের নেতা-কর্মীদের ওপর ব্যাপক জুলুম নির্যাতন চলছে।