বার্তা সংস্থা আবনা : মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের কয়েকটি মসজিদে খ্রিস্টান সন্ত্রাসীদের পৃথক দু’টি হামলায় ৫০ জনেরও বেশি মুসলমান নিহত হয়েছে।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই খবর দিয়েছে।
দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে হামলার এইসব ঘটনা ঘটেছে।
মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, একটি মসজিদের সামনে খ্রিস্টান সন্ত্রাসীরা বড় ধরনের ছুরি বা তলোয়ার দিয়ে আঘাত হেনে মুসলমানদের হত্যা করে।
সংস্থাটি নৈরাজ্য-কবলিত অঞ্চলে জনগণের জীবন রক্ষায় সক্রিয় হতে আন্তর্জাতিক শান্তি রক্ষী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে।
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে প্রায় ৬২০০ আফ্রিকান ও ফরাসি শান্তি রক্ষী মোতায়েন রয়েছে। তবে তাদের বেশিরভাগই রয়েছে রাজধানী বাঙ্গুই শহরে।
মুসলমানদের ওপর হামলা হতে পারে তা জানা সত্ত্বেও আন্তর্জাতিক শান্তি রক্ষী বাহিনী তাদের জীবন রক্ষার উদ্যোগ নিচ্ছে না বলে অ্যামনেস্টির একজন কর্মকর্তা উল্লেখ করেছেন।
এর আগেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিল খ্রিস্টান সন্ত্রাসীরা মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে মুসলমানদের ভেড়ার মত নির্বিচারে হত্যা করছে এবং ফরাসি শান্তি রক্ষীরা মুসলমানদেরকে নিরাপত্তা দেয়ার কোনো উদ্যোগ নেয়নি। দেশটির মুসলমানদের ওপর গণহত্যা বন্ধের জন্য বিশ্ব সমাজও তেমন উচ্চবাচ্য করছে না।