বার্তা সংস্থা আবনা : ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, দেশের জনগণের জন্য চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত তেহরান ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু ইস্যুতে আলোচনা চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।
ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাস শহরে এক বিশাল সমাবেশে বক্তৃতার সময় তিনি আজ (মঙ্গলবার) এ কথা বলেছেন। প্রেসিডেন্ট রুহানি আশ্বস্ত করে বলেন, তার প্রশাসন ‘আশা ও বিচক্ষণতা’ নিয়ে কাজ করবে এবং ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু আলোচনায় ইরানি জাতির অধিকার রক্ষা করা থেকে এক পাও পিছিয়ে আসবে না।
প্রেসিডেন্ট রুহানি বলেন, ইরানের অর্থনৈতিক খাতের বিরুদ্ধে অন্যায় ও নিষ্ঠুর নিষেধাজ্ঞা আরোপের চেইন ভেঙে দেবে। এসব অবৈধ নিষেধাজ্ঞা দূর করার জন্য ইরানই আগে পদক্ষেপ নিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে, আজই প্রেসিডেন্ট রুহানি তিনদিনের সফরে হরমুজগান প্রদেশে পৌঁছান। বন্দর আব্বাস হচ্ছে এ প্রদেশের একটি গুরুত্বপূর্ণ শহর।