আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনা : সৌদি আরবের অফিশিয়াল বার্তা সংস্থার ঐ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, সৌদি আরবের সন্ত্রাস দমন বিষয়ক আদালত গত সোমবার (৯ জুন) ২ ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং ১ জন ২৫ বছর কারাদণ্ডে দণ্ডিত করেছে। এ সকল ব্যক্তিরা দেশকে অশান্ত করে তুলতে কাতিফ অঞ্চলের আওয়ামিয়া শহরে একটি সন্ত্রাসী গ্রুপ তৈরীর অভিযোগে অভিযুক্ত। অরাজকতা সৃষ্টি, আওয়ামিয়া শহরের পুলিশ হেডকোয়ার্টারে গুলিবর্ষণ, নিরাপত্তা বাহিনীর গাড়ীকে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ এবং সরকার বিরোধী শ্লোগান প্রদান ইত্যাদি অভিযোগও তাদের বিরুদ্ধে আনা হয়েছে।
চিফ প্রসিকিউটরের ভাষ্যমতে, এ রায়টি পূনর্বিবেচনা করার সময় থাকবে আগামী এক মাস পর্যন্ত।
সৌদি আরবের শারকিয়া প্রদেশের কাতিফ ও আওয়ামিয়া অঞ্চলে বিগত তিন বছর যাবত স্বৈরাচারী সরকার বিরোধী জনগণ ও নিরাপত্তা বাহিনীর মাঝে সহিংস সংঘর্ষ চলছে। বিক্ষোভকারীরা সকল রাজনৈতিক বন্দিদের মুক্তি, বাক স্বাধীনতা এবং শিয়াদের সাথে বৈষম্যমূলক আচরণ বন্ধের দাবীতে বিক্ষোভ করে আসছে। মানবাধিকার কর্মীদের ভাষ্য অনুযায়ী, বর্তমানে সৌদি আরবের বিভিন্ন কারাগারে ৪০ হাজারেরও বেশী রাজনৈতিক বন্দি আটক রয়েছে।
উল্লেখ্য, ২০১৩ সালের অক্টোবর মাসে সৌদি আরবে মানবাধিকারের নাজুক অবস্থার বিষয়টি মেনে না নেয়ায় সৌদি কর্তৃপক্ষের তীব্র নিন্দা জানিয়েছিল এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।#প্রেসটিভি
১২ জুন ২০১৪ - ০৬:৫০
News ID: 615377
সৌদি আরবের অফিশিয়াল বার্তা সংস্থার সর্বশেষ প্রতিবেদনের ভিত্তিতে এদেশের কাতিফ অঞ্চলের শিয়াদেরকে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মৃত্যুদণ্ড ও কারাদণ্ড প্রদান অব্যাহত রয়েছে।