আবনা : মসুলে ইরাকি বিমান বাহিনীর বিমান হামলার মুখে 'আইএসআইএল'-এর সন্ত্রাসীরা পিছু হটেছে বা অন্যত্র পালিয়ে গেছে বলে খবর এসেছে।
এর আগে ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সালাহউদ্দিন ও নেইনাভা প্রদেশে সন্ত্রাসীদের ওপর হামলা শুরু করেছে বিমান বাহিনী।
আজ (বৃহস্পতিবার) এ ঘোষণা দিয়েছে ইরাকি প্রতিরক্ষা মন্ত্রণালয়। ঘোষণায় বলা হয়েছে, এই দুই প্রদেশে এ পর্যন্ত 'আইএসআইএল'র অবস্থানে ১০১ দফা বিমান হামলা চালিয়েছে ইরাকি বিমান বাহিনী।
সালাহউদ্দিন প্রদেশের আকাশ ইরাকি বিমান বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলেও ওই মন্ত্রণালয় জানিয়েছে।
ইরাকি বিমান বাহিনী 'আইএসআইএল'-এর অবস্থানগুলোতে খুব যথাযথভাবে হামলা চালাচ্ছে বলে আল ইরাকিয়া টিভির খবরেও বলা হয়েছে। ওই খবরে জানা গেছে, সালাহউদ্দিন প্রদেশের আল আযিম সড়কে 'আইএসআইএল'-এর সদস্যদের ওপর কয়েক দফা বোমা বর্ষণ করেছে ইরাকি বিমান বাহিনী এবং এর ফলে সেখানে অবস্থানরত সব সন্ত্রাসী নিহত হয়েছে। সামেরার উত্তরে আল-ইসহাকি সড়কে মোতায়েন সন্ত্রাসীরাও বিমান হামলায় নিহত হয়েছে।
এদিকে ইরাকের সরকারি সেনারা নেইনাভা প্রদেশের প্রধান শহর মসুলকে মুক্ত করার অভিযানও শুরু করেছে বলে খবর এসেছে। 'আইএসআইএল' মঙ্গলবার ভোরে এই শহরটি দখল করে। সরকারি সেনারা 'বালাদ' অঞ্চলেও 'আইএসআইএল'-এর হামলা ব্যর্থ বা প্রতিহত করেছে বলে ইরানের আল আলম টেলিভিশন জানিয়েছে।
ইরাকের স্থানীয় জনগণ ও উপজাতি বা নানা গোত্রের সদস্যরা সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে সরকারি সেনাদের সহায়তা করছে বলে দেশটির প্রধানমন্ত্রী নুরি আল মালিকি জানিয়েছেন। #আইআরআইবি
১২ জুন ২০১৪ - ১৭:০২
News ID: 615547
মসুলে ইরাকি বিমান বাহিনীর বিমান হামলার মুখে 'আইএসআইএল'-এর সন্ত্রাসীরা পিছু হটেছে বা অন্যত্র পালিয়ে গেছে বলে খবর এসেছে।