৩০ আগস্ট ২০১৪ - ০৩:৫১
গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের বিজয়ে ইরান সরকারের আন্তরিক অভিনন্দন

ইসলামি প্রজাতন্ত্র ইরান গাজায় ৫০ দিনের যুদ্ধে ফিলিস্তিনিদের বিজয়ে আন্তরিক অভিনন্দন জানিয়েছে।

আবনা : ইসলামি প্রজাতন্ত্র ইরান গাজায় ৫০ দিনের যুদ্ধে ফিলিস্তিনিদের বিজয়ে আন্তরিক অভিনন্দন জানিয়েছে। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় আজ (বুধবার) এক বিবৃতিতে বলেছে, বীর ফিলিস্তিনি জাতি আবারও প্রতিরোধ সংগ্রামের মাধ্যমে বিজয় অর্জনের বীরত্বগাথা সৃষ্টি করেছে এবং ইহুদিবাদী ইসরাইলকে নতজানু হতে বাধ্য করেছে। ইসলামি প্রজাতন্ত্র ইরান ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামের প্রতি সমর্থন অব্যাহত রাখবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, নিঃসন্দেহে ফিলিস্তিনিদের সাহসিকতা ও আত্মত্যাগের কারণেই ইহুদিবাদী নেতারা প্রতিরোধ সংগ্রামীদের ন্যায্য দাবিগুলো মেনে নিতে বাধ্য হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ইহুদিবাদী ইসরাইলের চরম নৃশংসতার পরও ফিলিস্তিনিরা তাদের প্রতিরোধ চালিয়ে যাওয়ার নীতিতে অটল ছিল। ফিলিস্তিনিদের এ বিজয় বায়তুল মোকাদ্দাসসহ সব দখলীকৃত অঞ্চলকে মুক্ত করার শুভসূচনা হিসেবে কাজ করবে বলেও ইরান বিশ্বাস করে।
গতকাল (মঙ্গলবার) ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো দখলদার ইসরাইলের সঙ্গে একটি স্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে সই করেছে। এ যুদ্ধবিরতি চুক্তিতে গাজার ওপর থেকে দীর্ঘ সাত বছরের অবরোধ তুলে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে তেল আবিব।#