৯ নভেম্বর ২০১৪ - ০৮:২২
পাকিস্তানের বেলুচিস্তানে তৎপর হয়ে উঠছে আইএসআইএল!

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল তৎপর হয়ে উঠেছে।

আবনা : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল তৎপর হয়ে উঠেছে। এ ছাড়া, উপজাতি অধ্যুষিত হাঙ্গু ও খুররম এজেন্সি থেকে ১০ হতে ১২ হাজার ব্যক্তিকে এ গোষ্ঠী রিক্রুট করেছে। কেন্দ্রীয় সরকার ও নিরাপত্তা সংস্থাগুলোর কাছে গত মাসের ৩১ তারিখে পাঠানো এক গোপন প্রতিবেদনে এ বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছে বেলুচিস্তানের প্রাদেশিক সরকার। পাকিস্তানের একটি ইংরেজি দৈনিক আজ(শনিবার) এ খবর দিয়েছে।
এতে বলা হয়েছে, নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী লশকরে জাঙ্গভি বা এলইজে এবং আহলে সুন্নাত ওয়াল জামাত বা এএসডব্লিউজে’র কোনো কোনো ব্যক্তিকে আইএসআইএল’এ যোগ দেয়ার প্রস্তাব দিয়েছে এ তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, উত্তর ওয়াজিরিস্তানে চলমান সামরিক অভিযানের প্রতিশোধ নেয়ার জন্য খাইবার পাকতুনখোয়া’র সামরিক স্থাপনা ও সরকারি ভবনগুলোতে হামলার পরিকল্পনা করছে আইএসআইএল।
এ জাতীয় হামলা প্রতিহত করার জন্য বেলুচিস্তান ও খাইবার পাকতুনখোয়া প্রদেশে নজরদারি ও নিরাপত্তা সংক্রান্ত পদক্ষেপ বাড়ানোর আহ্বান জানান হয়েছে এ প্রতিবেদনে।
পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী তেহরিক তালেবান পাকিস্তানের ছয় শীর্ষ কমান্ডারসহ সাবেক মুখপাত্র শহীদুল্লাহ শহীদ আইএসআইএলের প্রতি আনুগত্য ঘোষণার কয়েক দিনের মধ্যেই এ প্রতিবেদন দেয়া হলো।
অবশ্য পাকিস্তানে আইএসআইএলের উপস্থিতির কথা এখনো সরকারি ভাবে নিশ্চিত করা হয় নি।#