১২ ফেব্রুয়ারি ২০১৫ - ০৬:৫৬
সন্ত্রাসী ঘোষিত হল বেলজিয়ামের ‘শারিয়া ফর ইসলাম’ গ্রুপ + ছবি

মুসলিম যুবকদেরকে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতি আকৃষ্ট এবং তাদেরকে সিরিয়ায় প্রেরণে সক্রিয় উগ্রতাবাদী একটি গ্রুপকে সন্ত্রাসী ঘোষণা করেছে বেলজিয়ামের একটি আদালত।

আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : বেলজিয়ামের একটি আদালতে প্রদত্ত রায়ে এদেশের ‘Sharia 4 Belgium’ গ্রুপকে সন্ত্রাসী ঘোষণা করা হয়েছে।
ঐ রায়ের তফসিলে বলা হয়েছে, এ গ্রুপটি সন্ত্রাসী বিভিন্ন গ্রুপের জন্য সদস্য সংগ্রহ এবং তাদেরকে সিরিয়াসহ বিশ্বের অন্যান্য অঞ্চলে প্রেরণে সক্রিয় ছিল।
আদালতে ৪৬ জনের বিচারকার্য চললেও আদালতে হাজিরা দেন মাত্র ৮ জন। ধারণা করা হচ্ছে অভিযুক্তদের অবশিষ্টরা সিরিয়াতে যুদ্ধরত অথবা নিহত হয়েছে।
বেলজিয়াম থেকে প্রাপ্ত বিভিন্ন প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে যে, ঐ রায়ের ভিত্তিতে একজন ব্যতীত সকল অভিযুক্তদেরকে ৩ থেকে ১২ বছর পর্যন্ত কারাদণ্ড প্রদান করা হয়েছে।
গ্রুপের পরিচালক ‘ফুয়াদ আলম’, মুসলিম পুরুষদেরকে উগ্রতাবাদের প্রতি আকর্ষণ এবং তাদেরকে সিরিয়া ও ইরাকে প্রেরণের অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে ১২ বছর কারাদণ্ড প্রাপ্ত হয়েছেন।
আদালতে উপস্থিত ‘জিজুইন বুনতিনিক’ (২০) হলেন সেই যুবক যাকে ফিরিয়ে আনতে তার পিতা সিরিয়ায় গিয়েছিলেন।
বুনতিনিকের পরিবার জানিয়েছে, জিজুইন ‘শারিয়া ফর বেলজিয়ামে’র প্রভাবে প্রভাবিত হয়ে এমন পদক্ষেপ নিয়েছে, সে এদেশের জন্য হুমকি নয়।
বেলজিয়াম কর্তৃপক্ষের বর্ণনার ভিত্তিতে অন্তত ৩৫০ জন বেলজিক সিরিয়া ও ইরাক গেছে এবং এ সংখ্যার মধ্যে শতকরা ১০ ভাগ কোন না কোনভাবে ‘শারিয়া ফর বেলজিয়াম’ গ্রুপের সাথে জড়িত।#