আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : নিজের শিশু সন্তানের সাথে আইএসআইএল সন্ত্রাসী গ্রুপে যোগদানকারী ব্রিটিশ নারীকে আটক করেছে ব্রিটেন পুলিশ। লন্ডনের ডেইলি মেইল লিখেছে, আইএসআইএলে যোগদানের উদ্দেশ্যে গতবছর নিজের ১৭ মাসের শিশু সন্তানসহ সিরিয়ার উদ্দেশ্যে ব্রিটেন ত্যাগ করে ‘তারিনা শাকিল’। তুরস্কের একটি এয়ার লাইন্সের বিমানে দেশে প্রত্যাবর্তনের পর হিথ্রো বিমানবন্দর থেকে ব্রিটেন পুলিশ তাকে আটক করেছে। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে সহযোগিতা, শিশু অপহরণ এবং শিশুর রক্ষণাবেক্ষণে অবহেলার অভিযোগ আনা হয়েছে। গতমাসে সামাজিক যোগাযোগের ওয়েব সাইটে আইএসআইএলে যোগদানের পর তার উপর আরোপিত নির্যাতনের বিবরণ দিয়েছিলেন শাকিলা। তিনি বলেছিলেন, আইএসআইএলের পক্ষ থেকে তাকে এ সন্ত্রাসী দলের এক সদস্যের সাথে বিয়ে করতে বাধ্য করা হয়। শত শত পশ্চিমা সন্ত্রাসীদের একজন শাকিলা; যারা সন্ত্রাসী বিভিন্ন গ্রুপে যোগদানের উদ্দেশ্যে সিরিয়ায় প্রবেশ করেছে।
ব্রিটিশ কলামিস্ট ফ্লোরা ড্রুরি ডেইলি মেইলে লেখা এক প্রতিবেদনে নারীদের উপর যে সকল অত্যাচার আইএসআইএল সন্ত্রাসীরা চালায় –মারধর, ধর্ষণ ও হত্যা যেগুলোর অন্যতম- সেগুলোর প্রতি ইঙ্গিত করেছেন। ব্রিটিশ এ কলামিস্ট লিখেছেন, উগ্রতাবাদী আদর্শ বাস্তবায়নের জন্য নারীদের যে টিম আইএসআইএল গঠন করেছে তার অধিকাংশই হচ্ছে বিদেশী। যে সকল নারীরা আইএসআইএল নিয়ন্ত্রিত এলাকায় জীবন-যাপন করে তারা প্রতিনিয়ত বিভিন্ন নৃশংস, অমানবিক ও অনৈতিক পদক্ষেপের শিকার হচ্ছে। আইএসআইএল সন্ত্রাসীরা নৈতিকতা ও শরিয়ত মান্য করার বিষয়টিকে গুরুত্ব দেয় বলে প্রচার চালালেও, শরিয়ত বিরোধী ও অস্বাভাবিক বিভিন্ন যৌন নির্যাতন তারা চালিয়ে থাকে। তারা শিশুদেরকে অপহরণ করে বিক্রি করে অথবা হত্যা করে এবং ৯ বছরের চেয়ে কম বয়সী মেয়েদেরকে ধর্ষণ করে।#


