আবনা ডেস্কঃ বাহরাইনের রাজনৈতিক ও ধর্মীয় সংগঠন 'জমিয়তে আমালে ইসলামি ' বলেছে, দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক করার অর্থ হলো ধর্ম ও মানবতার সঙ্গে বিশ্বাসঘাতকতা। সংগঠনটি এক বিবৃতিতে এ কথা বলেছে। সংগঠনটি ইসলামিক অ্যাকশান পার্টি নামেও পরিচিত।
বিবৃতিতে তারা আরও বলেছে, মার্কিন অশুভ পরিকল্পনার অংশ হিসেবে বাহরাইনের আলে খলিফা সরকার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে এগিয়ে যাচ্ছে। এর মাধ্যমে ফিলিস্তিনিদের মুক্তির আকাঙ্খার কবর রচনার চেষ্টা চলছে।
ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সরকারি প্রচেষ্টা রুখে দিতে জমিয়তে আমালে ইসলামি দেশটির সব ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনটির প্রতি আহ্বান জানিয়েছে।
এর আগে বাহরাইনের শীর্ষ আলেম আয়াতুল্লাহ শেইখ ঈসা কাসেম ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পরিণতির বিষয়ে সরকারকে সতর্ক করে দিয়েছেন।
বাহরাইনের সরকার সেদেশের জনগণের গণতান্ত্রিক ও নাগরিক অধিকার চরমভাবে লঙ্ঘন করে চলেছে। এরপরও দেশটির বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ মানুষ সরকারের নানা অন্যায় পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রেখেছে।
বাহরাইনে কর্মসৃজন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে ইহুদিবাদী ইসরাইলের অর্থমন্ত্রীকে আমন্ত্রণ জানানোয় ক্ষোভ প্রকাশ করে এ বিবৃতি দিয়েছে জমিয়তে আমাল।
আগামী ১৫ থেকে ১৮ এপ্রিল বাহরাইনের মানামায় কর্মসৃজন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ইসরাইলের অর্থমন্ত্রী এলি কোহেনের নেতৃত্বে ৪৫ জনের একটি প্রতিনিধিদল অংশ নেবে বলে কথা রয়েছে। বাহরাইনের ওই সম্মেলনে ইসরাইলি প্রতিনিধিকে আমন্ত্রণ জানানোয় কুয়েত তা বয়কটের ঘোষণা দিয়েছে।
৭ এপ্রিল ২০১৯ - ১৭:৫৫
News ID: 935981
ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সরকারি প্রচেষ্টা রুখে দিতে জমিয়তে আমালে ইসলামি দেশটির সব ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনটির প্রতি আহ্বান জানিয়েছে।