৮ জুলাই ২০১৯ - ০৬:৩১
অসমে মুসলিম যুবকদের মারধর করে ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করল দুর্বৃত্তরা

ভারতের অসমের বরপেটা জেলায় মুসলিম যুবকদের মারধর করে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে বাধ্য করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। আজ (রোববার) এনডিটিভি ওই তথ্য জানিয়েছে।

(ABNA24.com) ভারতের অসমের বরপেটা জেলায় মুসলিম যুবকদের মারধর করে ‘জয় শ্রীরাম’ ধ্বনি  দিতে বাধ্য করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। আজ (রোববার) এনডিটিভি ওই তথ্য জানিয়েছে।

পুলিশ সূত্রে প্রকাশ, গত (শুক্রবার) ভোরে ফখরুদ্দিন আলী আহমেদ মেডিকেল কলেজ পাশের এলাকায় চার মোটরবাইক আরোহী দুর্বৃত্ত এক মেডিকেল স্টোরে পৌঁছে তাদের কর্মী রাকিবুল হককে মারধর করে।

ওয়েস্ট বরপেটা ট্রেডার্স এসোসিয়েশনের সভাপতি জাকির হুসেন বলেন, দুর্বৃত্তরা কুরবান খান ও বুরহান আলীকেও ধরে ফেলে যারা একটি চায়ের দোকানে কাজ করছিলেন এবং বিনাকারণে তাদের গালি দেয় ও মারধর করে। এসময় ওই তিনজনকেই ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে বাধ্য করে।

পুলিশ বলছে, এ ব্যাপারে আমরা একটি এফআইআর ও তদন্ত শুরু করেছি। দোষীদের দ্রুত গ্রেফতার করা হবে। দুর্বৃত্তদের মোটর সাইকেল বাজেয়াপ্ত করা হয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

এ প্রসঙ্গে অসম রাজ্য জমিয়তে উলামায়ে হিন্দের অতিরিক্ত সাধারণ সম্পাদক ও ইউডিএফের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাওলানা আব্দুল কাদির কাশেমি আজ (রোববার) রেডিও তেহরানকে বলেন, ‘এটা একটা বৃহৎ ষড়যন্ত্র ভারতের ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে। ভারতে ধর্মনিরপেক্ষ মানুষ বা মানবতাবাদী মানুষদেরকে ভীত সন্ত্রস্ত করে সাম্প্রদায়িক অপশক্তিগুলো তাদের রাজত্ব বিস্তার করার চেষ্টা করছে। এগুলো সেই চেষ্টার একটা অঙ্গ।’ অগ্রাধিকারের ভিত্তিতে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে এসব বন্ধ হবে না বলেও মাওলানা আব্দুল কাদির কাশেমি মন্তব্য করেন।#




/129