ABNA: ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মুসাভি বলেছেন, পরমাণু সমঝোতার প্রতিশ্রুতি থেকে সরে আসার তৃতীয় পর্যায়ের পদক্ষেপ হবে প্রথম এবং দ্বিতীয় পর্যায় থেকে আরো তীব্র এবং তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে পরমাণু সমঝোতার বাধ্যবাধকতা এবং ইরানের অধিকারের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা করা হবে।
মুখপাত্র মুসাভি বলেন, পরমাণু সমঝোতা বিষয়ে তৃতীয় পর্যায়ের পদক্ষেপ কি হবে ইরান এরইমধ্যে তৈরি করেছে এবং এটি বাস্তবায়নযোগ্য। গত বছরের মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে পরমাণু সমঝোতা থেকে বের করে নেয়ার জবাবে ইরান তার প্রতিশ্রুতি স্থগিত রাখার প্রথম পর্যায়ের পদক্ষেপ গ্রহণ করে।
ইউরোপ ইরানকে এ সমঝোতা বাস্তবায়নের আশ্বাস দিলেও তা পালনে চরম ব্যর্থতার পরিচয় দেয়। পশ্চিমা দেশগুলোর এ ন্যক্কারজনক আচরণের প্রতিক্রিয়ায় ইরান গত ৮ মে পাশ্চাত্যকে ৬০ দিনের সময়সীমা বেধে দিয়ে বলেছিল, এ সময়ের মধ্যে ইউরোপীয় দেশগুলোকে তাদের প্রতিশ্রুতি পালন করতে হবে। তা না হলে তেহরান এ সমঝোতায় নিজের দেয়া কিছু প্রতিশ্রুতি পালন স্থগিত রাখবে।
মুসাভি বলেন, পরমাণু সমঝোতা ইস্যুটি কূটনৈতিকভাবে সমাধানের চেষ্টার পাশাপাশি এ বিষয়ে পাল্টা পদক্ষেপ গ্রহণ করবে তেহরান। পরমাণু সমঝোতা বলবৎ রাখার জন্য ফ্রান্স এবং ইরানের মধ্যে চলমান যোগাযোগ প্রচেষ্টার প্রতি ইঙ্গিত করেন তিনি। তিনি আরো বলেন, ইউরোপ তার প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হলে তেহরান তৃতীয় পর্যায়ের পদক্ষেপ গ্রহণ করবে। তবে যদি তারা তাদের প্রতিশ্রুতি পালন করে তাহলে ইরান তৃতীয় পর্যায়ের পদক্ষেপ গ্রহণ করা থেকে বিরত থাকবে এবং এমনকি তেহরান এরই মধ্যে কিছু প্রতিশ্রতি স্থগিতের যে সিদ্ধান্ত নিয়েছে তা তাও বাতিল করবে।#
.................
300