১৮ ডিসেম্বর ২০১৯ - ০৭:০৫
আমেরিকার সঙ্গে সংলাপ প্রক্রিয়া বন্ধ করে দিতে পারে উ. কোরিয়া: সিউল

দক্ষিণ কোরিয়ার ঐক্য বিষয়ক মন্ত্রণালয় বলেছে, চলতি বছরের বাকি কয়েকদিনের মধ্যে ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যকার আলোচনা প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি না হলে উত্তর কোরিয়া সংলাপ প্রক্রিয়া বন্ধ করে দিতে পারে।

(ABNA24.com) দক্ষিণ কোরিয়ার ওই মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন নতুন ইংরেজি বছরের ভাষণে আমেরিকার সঙ্গে সংলাপ প্রক্রিয়া যে বাতিল করে দেবেন না তার কোনো গ্যারান্টি নেই।

বিবৃতিতে বলা হয়, ২০১৯ সালে উত্তর কোরিয়ার সঙ্গে আমেরিকার সম্পর্কে যে উত্তেজনা বিরাজ করেছে তাতে কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার প্রচেষ্টার ভবিষ্যত অনেকটা অস্পষ্ট হয়ে পড়েছে।

দক্ষিণ কোরিয়া বলেছে, আলোচনার ব্যাপারে উত্তর কোরিয়া আমেরিকার পক্ষ থেকে নমনীয় নীতি আশা করছে এবং চলতি বছরের শেষ নাগাদ আমেরিকার মুখ থেকে নতুন কোনো প্রস্তাব শুনতে চাচ্ছে। এ পর্যন্ত মার্কিন সরকার যেসব প্রস্তাব দিয়েছে তা পিয়ংইয়ংয়ের মনোপুত হয়নি বলে দক্ষিণ কোরিয়ার ঐক্য বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে।

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ২০ মাসে তিনবার বৈঠকে মিলিত হলেও এসব বৈঠক থেকে ফটোসেশন ছাড়া আর কোনো ফল বেরিয়ে আসেনি। আমেরিকা আগে উত্তর কোরিয়ার সব পরমাণু অস্ত্রের ধ্বংস চাইলেও পিয়ংইয়ং বলেছে, আগে দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার করতে হবে।

..........
340