১৯ ডিসেম্বর ২০১৯ - ০৬:০৬
ট্রাম্প অভিশংসিত, ক্ষমতা হারাবেন কি?

মার্কিন সংসদ কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে অভিশংসিত হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্প হলেন অভিশংসিত হওয়া তৃতীয় মার্কিন প্রেসিডেন্ট।

(ABNA24.com) তবে এতে তিনি এখনই ক্ষমতা হারাচ্ছেন না। ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করতে মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে এটি পাস হতে হবে। সিনেটে ট্রাম্পের রিপাবলিকান পার্টির সদস্য সংখ্যা বেশি হওয়ায় সেখানে এটি পাস হবার সম্ভাবনা নেই বললেই চলে। এরইমধ্যে রিপাবলিকান পার্টি জানিয়ে দিয়েছে, তারা অভিশংসনের পক্ষে ভোট দেবেন না।

দু'টি অভিযোগে তাকে অভিশংসিত করা হলো। এর একটি হলো ক্ষমতার অপব্যবহার, আর অন্যটি সংসদের কাজে বাধা সৃষ্টি। ট্

প্রথম অভিযোগ বলা হয়েছে, তিনি তার পদ ব্যবহার করে তার ডেমোক্র্যাট রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের বিরুদ্ধে তদন্ত করতে ইউক্রেনের ওপর চাপ সৃষ্টি করেছিলেন এবং দ্বিতীয়টি হলো অভিশংসনের তদন্তকাজে সহায়তা করতে অস্বীকার করে তিনি কংগ্রেসের কাজে বাধা সৃষ্টি করেছেন।

ট্রাম্পের বিরুদ্ধে দু’টি অভিযোগের ক্ষেত্রেই অভিশংসনের জন্য প্রয়োজনীয় সংখ্যক ভোট পড়েছে প্রতিনিধি পরিষদে। প্রথম অভিযোগের ক্ষেত্রে ২৩০ ভোট পড়েছে অভিশংসনের পক্ষে এবং ১৯৭ ভোট পড়েছে বিপক্ষে।

দ্বিতীয় অভিযোগের ক্ষেত্রেও প্রয়োজনীয় ২১৬ ভোটের বেশি সংখ্যক ভোট পড়েছে। ঐ অভিযোগে অভিশংসনের পক্ষে পড়েছে ২২৯ ভোট ও বিপক্ষে ১৯৮ ভোট।

এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে দুজন প্রেসিডেন্ট অভিশংসিত হয়েছিলেন। তারা হলেন অ্যান্ড্রু জনসন ও বিল ক্লিনটন। তবে তাদের কাউকেই ক্ষমতাচ্যুত করা যায়নি। আগামী মাসে মার্কিন সংসদের উচ্চ কক্ষ সিনেটে ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্টের বিষয়ে ভোটাভুটি হতে পারে। সিনেটের ১০০ আসনের মধ্যে ৫৩টি রিপাবলিকান পার্টির, ৪৫টি ডেমোক্রেটিক পার্টির এবং অপর দু'টি আসন থেকে জিতেছেন স্বতন্ত্র প্রার্থী।

...........
340