২৩ ডিসেম্বর ২০১৯ - ০৬:৫৬
বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত

বাংলাদেশের সীমান্তবর্তী দুই জেলা ঠাকুরগাঁও এবং চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি নিহত এবং ৩ জন আহত হয়েছে।

(ABNA24.com) আজ (রোববার) ভোররাতে ঠাকুরগাঁও সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হয়েছে রেজাবুল ইসলাম (২৬) নামে এক যুবক।

হরিপুর উপজেলার বেতনা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফ'র গুলিতে আহত হয় ওই যুবক।পরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে সকাল ১১টার সময় তার মৃত্যু হয়। নিহত রেজাবুল ইসলাম হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের বহরমপুর গ্রামের বদরুল ইসলামের ছেলে।

বিজিবি জানায়, হরিপুর উপজেলার বেতনা সীমান্ত দিয়ে কয়েকজন যুবক ভারতে গরু আনতে গেলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে অন্যরা পালিয়ে আসলেও রেজাবুল ইসলাম বিএসএফ'র গুলিতে আহত হয়।

পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওদিকে, আজ রবিবার ভোররাত ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে গুলিবিদ্ধ হয়  লিটন (২৫), রাজু (২৩) এবং আনোয়ার (২৬)।

সীমান্তের একটি সূত্র জানায়, রবিবার ভোর রাত ৩টার দিকে ৪০-৫০ জনের একটি চোরাকারবারী দল মাসুদপুর সীমান্ত দিয়ে  চোরাই গরু নিয়ে বাংলাদেশে ফেরার  সময় ভারতের শোভাপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা ছররা গুলি ছুড়লে লিটন, রাজু ও আনোয়ার আহত হয়।

এদের মধ্যে লিটন ও রাজু গোপনে চিকিৎসা নিলেও আনোয়ার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সূত্রটি আরও জানায়, আহতরা ফেনসিডিল ও গরু চোরাচালানের সাথে জড়িত বলে এলাকায় জনশ্রুতি রয়েছে।

.........
340