১৭ ফেব্রুয়ারী ২০২৬ - ০৬:৩৯
কবরের চিরসঙ্গী ও রক্ষাকবচ সূরা

কবরের আজাব থেকে রক্ষা পেতে অন্যতম সেরা আমল হলো—প্রতিদিন সুরা মুল্‌ক পাঠ করা।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): কবরের আজাব যে কতটা ভয়াবহ হতে পারে, তা আমাদের কল্পনাকেও হার মানায়। তবে মহান আল্লাহ তাঁর বান্দাদেরকে এমন কিছু আমল শিখিয়ে দিয়েছেন, যা অন্ধকার কবরে আমাদের জন্য আলোকবর্তিকা হয়ে দাঁড়াবে।



ক্ষমার সুপারিশকারী ৩০টি আয়াত

কোরআনের ৬৭ নম্বর এই সুরাটি মাত্র ৩০টি আয়াতের। কিন্তু এর শক্তি অপরিসীম। আল্লাহর রাসুল বলেছেন, “নিশ্চয়ই কোরআনে একটি সুরা আছে যাতে ৩০টি আয়াত রয়েছে। তা পাঠকারীর জন্য সুপারিশ করতে থাকবে, যতক্ষণ না তাকে ক্ষমা করা হয়। সুরাটি হলো, ‘তাবারাকাল্লাযি বি ইয়াদিহিল মুল্‌ক।” 

আজাব প্রতিরোধের ‘দেয়াল’

নবীজির সময়কালে সাহাবিরা এই সুরাটিকে বলতেন ‘মানেআ’ বা বাধাদানকারী। এটি পাঠকারীকে কবরের আজাব থেকে ঢাল হয়ে রক্ষা করবে। (মুস্তাদরাকে হাকিম, হাদিস: ৩৮৩৯; সহিহুত তারগিব, হাদিস: ১৫৮৯)

নবীজির নিয়মিত সুন্নত

আল্লাহর রাসুল কতটা গুরুত্ব দিতেন এই সুরাকে? জাবের (রা.) বর্ণনা করেন, “নবীজি কোনো রাতে সুরা মুল্‌ক ও সুরা সাজদাহ পাঠ না করে ঘুমাতেন না।” (সুনানে তিরমিজি, হাদিস: ২৮৯২)

পড়ার সঠিক সময় ও পদ্ধতি

অনেকে মনে করেন এই সুরা কেবল রাতেই পড়তে হয়। এর সঠিক ব্যাখ্যা হলো:

  • রাতের পাঠ শ্রেষ্ঠ: রাতে ঘুমানোর আগে পাঠ করা সবচেয়ে উত্তম এবং সুন্নাহ সমর্থিত।

  • দিনের বেলা: বিশেষ কারণে রাতে পড়তে না পারলে দিনের অন্য সময়েও পড়া যায়।

  • হৃদয়ে ধারণ করা: সূরা পাঠ করার পাশাপাশি এই সুরার শিক্ষার ওপর ইমান আনা, নিয়মিত তেলাওয়াত করা এবং এর নির্দেশগুলো মেনে চলাই হলো প্রকৃত আমল।

ব্যস্ত জীবনে আমল করার সহজ উপায়

যাদের সুরাটি মুখস্থ নেই বা সময় বের করা কঠিন মনে হয়, তাঁরা নিচের উপায়গুলো অবলম্বন করতে পারেন:

  • অল্প অল্প করে মুখস্থ: প্রতিদিন মাত্র ১টি করে আয়াত মুখস্থ করলে মাত্র এক মাসেই পুরো সুরা আপনার হৃদয়ে গেঁথে যাবে।

  • শোনাও ইবাদত: জ্যামে বসে থাকলে বা ঘরের কাজ করার সময় হেডফোনে সুরাটির তেলাওয়াত ও অনুবাদ শুনতে পারেন। বারবার শুনলে এটি দ্রুত মুখস্থ হয়ে যায়।

  • অর্থ বুঝে পড়া: অন্তত একবার অর্থসহ পড়লে এই সূরার প্রতি আপনার ভালোবাসা ও ভয়—উভয়ই বৃদ্ধি পাবে।

দিনের শেষে বা রাতের নীরবতায় যখন আপনি সুরা মুল্‌ক তেলাওয়াত করবেন, তখন মনে রাখবেন—আপনি আপনার কবরের জন্য একজন বিশ্বস্ত পাহারাদার তৈরি করছেন।

Tags

Your Comment

You are replying to: .
captcha