আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): সংবাদ বিষয়ক ওয়েব সাইট আল-আহ্দ নিজস্ব সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, আল-আওয়ামিয়া’র দক্ষিণাঞ্চলের আয-যারাহ এলাকায় অবস্থিত ইমাম হোসাইন (আ.) মসজিদটি ঘিরে রেখেছে সৌদি নিরাপত্তা বাহিনী।
মসজিদটিতে বিশিষ্ট শিয়া আলেম ও ফকীহ এবং সৌদি রাজ পরিবারের সমালোচক শেখ নিমর বাকির আল-নিমর ইমামতি করতেন। এই মসজিদেই তিনি বক্তব্য রাখতেন এবং সৌদি সরকারের জুলুম-অত্যাচারের তথ্য ফাঁস করতেন। এটি সৌদি আরবের শিয়া মাযহাবের অনুসারীদের অন্যতম গুরুত্বপূর্ণ মসজিদ হিসেবে বিবেচিত।
সৌদি জনগণকে আয়াতুল্লাহ নিমরের স্মৃতি স্মরণ করিয়ে দেয় এমন সব কিছু ধ্বংস করে দেয়ার পরিকল্পনার আওতায় এ মসজিদটিও ধ্বংস করা হচ্ছে এ কথা উল্লেখ করে সৌদি মানবাধিকার কর্মী আদেল আল-সাদ জানিয়েছেন, শহীদ আয়াতুল্লাহ নিমর এ মসজিদে নামায পড়তেন এবং বক্তব্য দিতেন। মসজিদটি শহীদের স্মৃতি বিজড়িত।
আদেল সাঈদ আরও জানান, সৌদি কর্তৃপক্ষ কাতিফ প্রদেশে আহলে বাইত (আ.) এর অনুসারীদের বিরুদ্ধে সহিংস পদক্ষেপ গ্রহণ অব্যাহত রেখেছে। তারা চায় শহীদ নিমরের সাথে সম্পৃক্ত সব কিছু মুছে ফেলতে। কিন্তু তারা যাই করুক না কেন শহীদ আয়াতুল্লাহ নিমরের স্মৃতি বিশ্বের মুক্তিকামী মানুষের মনে চিরস্মরণীয় ও অমলিন হয়ে থাকবে।
এদিকে সৌদি অনলাইন এক্টিভিস্টরা জানিয়েছে, সৌদি নিরাপত্তা বাহিনী আল-আওয়ামিয়ায় অবস্থিত ইমাম হোসাইন (আ.) মসজিদটি ভেঙ্গে দিয়েছে।
কাতিফ থেকে জনৈক ব্যক্তি এক টুইটে লিখেছেন, ইমাম হোসাইন (আ.) মসজিদে শহীদ শেখ নিমর বাকের আল-নিমরের খোতবা পড়ার স্থানটি ভেঙ্গে দিয়েছে সৌদি সরকারি বাহিনী।#176