১১ আগস্ট ২০২১ - ১০:৫২
সিআইএ পরিচালক যাচ্ছেন ইসরাইলে

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রধান বিল বার্নস আজ (মঙ্গলবার) ইহুদিবাদী ইসরাইল সফরে যাচ্ছেন। এ সফরে তিনি ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের প্রধান ডেভিড বারনেয়া-সহ দেশটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা সঙ্গে বৈঠক করবেন। তবে এ সব বৈঠকে বার্নস ইরান ইস্যুকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : সিআইএ প্রধান আজ পবিত্র জেরুজালেম আল-কুদস শহরে পৌঁছাবেন বলে কথা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর বিল বার্নস সিআইএ'র পরিচালক হিসেবে দায়িত্ব নেন এবং এটিই তার প্রথম ইসরাইল সফর।

মার্কিন নিউজ ওয়েবসাইট ‘এক্সিওস’ জানিয়েছে, ইসরাইলি কর্মকর্তারাও ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসির প্রশাসনকে বিশেষ গুরুত্ব দিয়ে সিআইএ গোয়েন্দা প্রধানের সঙ্গে আলোচনা করতে চান। গত ৫ আগস্ট ইব্রাহিম রায়িসি প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন।

এক্সিওস এক রিপোর্টে জানিয়েছে, সিআইএ পরিচালকের সঙ্গে বৈঠকে ইসরাইলি কর্মকর্তারা ইরানের পরমাণু কর্মসূচি এবং আঞ্চলিক তৎপরতার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করবেন। তারা সিআইএ পরিচালকের কাছ থেকে ইরানের ব্যাপারে জো বাইডেন প্রশাসনের দৃষ্টি ভঙ্গি সম্পর্কে বেশি শুনতে চান। এছাড়া ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতায় আমেরিকার ফিরে আসা সম্পর্কেও ইসরাইলি কর্মকর্তারা বিশেষভাবে জানতে আগ্রহী।

এই সফরে ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সঙ্গেও সিআইএ প্রধান সাক্ষাৎ করবেন বলে কথা রয়েছে।#

342/