৬ ডিসেম্বর ২০২১ - ১০:১৬
ইরানের বন্দরে পাকিস্তানের যুদ্ধজাহাজ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বন্দর আব্বাসে পৌঁছেছে পাকিস্তানের একটি নৌবহর। এ বহরে রয়েছে তিনটি যুদ্ধজাহাজ।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : পাকিস্তানের নৌবহরকে স্বাগত জানান ইসলামি প্রজাতন্ত্র ইরানের ফার্স্ট নেভাল ডিস্ট্রিক্টের কমান্ডার। চার দিনের সফরে পাকিস্তানের নৌবহরটি আজ (রোববার) সকালে বন্দর আব্বাসে নোঙ্গর ফেলে।

তেহরান এবং ইসলামাবাদের মধ্যে সামরিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদারের লক্ষ্য নিয়ে পাকিস্তানি নৌবহর ইরানের বন্দরে ভিড়েছে। চলতি বছরে এ নিয়ে দুই দফা পাকিস্তানের নৌবহর ইরান সফর করল।

ইরানি নৌবাহিনীর ফার্স্ট ডিস্ট্রিক্টের ডেপুটি কমান্ডার ক্যাপ্টেন কাদের ওয়াজিফে বলেন, ইরান ও পাকিস্তানের নৌবাহিনীর সফর বিনিময় দু'দেশের কৌশলগত সম্পর্ককে আরো গভীর করবেন। তিনি আশা করেন, দু দেশের মধ্যে এমন সফর বিনিময় অব্যাহত থাকবে।

কাদের ওয়াজিফে বলেন, ইরান ও পাকিস্তানের নৌবাহিনীর এ ধরনের সফরের মাধ্যমে এ বিষয়টি পরিষ্কার হয়ে যায় যে, আঞ্চলিক দেশগুলো বিশেষ করে বন্ধুত্বপূর্ণ, ভ্রাতৃসুলভ ও মুসলিম দেশগুলো তাদের নিজেদের অঞ্চলকে নিজেরা সামলে রাখতে সক্ষম। ফলে হরমুজ প্রণালী, পারস্য উপসাগর এবং ওমান সাগরে বিদেশি সেনা উপস্থিতির কোন প্রয়োজন নেই।#

342/