১৮ মে ২০২২ - ১৫:২২
সৌদি আরবে ২ যুবকের শিরোশ্ছেদ

উদ্ভট অভিযোগে শিরোশ্ছেদের মাধ্যমে সৌদি আরবের শিয়া অধ্যুষিত কাতিফ এলাকার ২ বাসিন্দার মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): স্বৈরাচারী সৌদি সরকার গত সোমবার (১৬ মে) কাতিফের ২ শিয়া যুবক ‘হুসাইন আলে বু আব্দিল্লাহ্’ ও ‘মুহাম্মাদ খিদ্‌র আল-আওয়ামী’কে উদ্ভট অভিযোগে শিরোশ্ছেদ করেছে।

সন্ত্রাসী গ্রুপগুলোর সাথে যোগাযোগ, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা, দেশের নিরাপত্তা নষ্ট করতে আরপিজিসহ অন্যান্য অস্ত্র ও গোলাবারুদ বহনের উদ্ভট ও মিথ্যা অভিযোগ হতভাগ্য ঐ ২ যুবকের বিরুদ্ধে আনা হয়েছে।

কাতিফের এক এক্টিভিস্টের টুইটের মাধ্যমে জানা গেছে, রাজনৈতিক বন্দী ২ যুবক ‘হুসাইন আলে বু আব্দিল্লাহ্’ ও ‘মুহাম্মাদ খিদ্‌র আল-আওয়ামী’কে হত্যার পর সৌদি কর্তৃপক্ষ তাদের লাশ অজ্ঞাত স্থানে দাফন করেছে।

চলতি বছর (২০২২) মার্চ মাসের শুরু দিকে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি আরব। তাদের বিরুদ্ধে বাতিল ও ভ্রান্ত আকিদায় বিশ্বাস, আল-কায়েদা, দায়েশ ও ইয়েমেনের আনসারুল্লাহ’র সাথে সংশ্লিষ্টতা, গণনিরাপত্তা হুমকির মুখে ফেলার চেষ্টা এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টি ইত্যাদি বানোয়াট অভিযোগ আনা হয়েছিল। ঐ ৮১ জনের মধ্যে ৪০ জন শিয়া ছিল মুসলিম; ন্যূনতম নাগরিক অধিকার আদায়ের দাবীতে শান্তিপূর্ণ মিছিলে অংশগ্রহণ ছিল তাদের অপরাধ।

প্রসঙ্গত, সৌদি ক্ষমতাসীন স্বৈরাচারী সরকার বাকস্বাধীনতাকে রুখতে সন্ত্রাসবাদ দমনের বাহানায় প্রতিবছরই উল্লেখযোগ্য সংখ্যক সরকার বিরোধীকে বিভিন্ন কঠিন শাস্তি অথবা মৃত্যুদণ্ড প্রদান করে থাকে।

সৌদি আরবের পূর্ব অঞ্চলের জনগণ বিগত বছরগুলোতে সৌদি সরকারের দমননীতির বিরোধিতা, সরকারি বাহিনী কর্তৃক আল-আওয়ামিয়া ও কাতিফ শহরে বহুবার হামলা এবং এ সকল হামলায় শত শত নিরাপরাধ সাধারণ নাগরিক হত্যার প্রতিবাদ শান্তিপূর্ণ মিছিলের মাধ্যমে করার চেষ্টা করেছে। কিন্তু প্রতিবারই মিছিলে অংশগ্রহণকারীদের পক্ষ থেকে কোনপ্রকার উস্কানী ও সহিংস পদক্ষেপ ছাড়াই সৌদি সরকারি বাহিনী তাদের উপর সহিংস হামলা চালিয়ে তাদেরকে হত্যা, আহত বা গ্রেপ্তার করেছে।

সৌদি সরকারের সমালোচনা ও জাতীয় নিরাপত্তা বিরোধী পদক্ষেপের উদ্ভট অভিযোগে দেশটির জনপ্রিয় খতিব ও প্রখ্যাত শিয়া আলেম এবং রাজনৈতিক বন্দী ‘শেইখ নিমর বাকের আন নিমরে’র মৃত্যুদণ্ড ২০১৬ সালের ২ জানুয়ারি কার্যকর করে সৌদি আরব কর্তৃপক্ষ।  শেইখ নিমরের মৃত্যুদণ্ডে বিশ্বজুড়ে সৌদি কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। #176