১২ এপ্রিল ২০২৩ - ১৪:০৭
পবিত্র কোরআনের দর্পণে ইমাম আলী (আ.) (পর্ব ০১)

কোরআন খুললেই বহুসংখ্যক আয়াত দেখতে পাই যেগুলো সুস্পষ্টভাবে একজন ব্যক্তির ফজিলত সম্পর্কে বর্ণনা করে। তাঁকে একটি চিরস্থায়ী মূল্যবান রত্নের সাথে তুলনা করা যায়। পবিত্র কোরআনে তাঁর পবিত্রতা, অমূল্য ফজিলত ও মর্যাদাগুলিকে সুনিপুণভাবে তুলে ধরা হয়েছে। ইমাম আলী (আ.)-এর শাহাদাতের চৌদ্দ শ’ বছর পার হয়ে যাবার পরও মনে হয় যেন তিনি আমাদের যুগেরই একজন মানুষ। তাঁর এক একটি বৈশিষ্ট্য সূর্যের আলোর ন্যায় মানুষের জীবনকে অন্ধকার থেকে মুক্তি দিয়ে থাকে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): যদি আমিরুল মুমিনীন আলী (আ.) সম্পর্কে বর্ণিত আয়াতগুলিকে অন্তরের চক্ষু দিয়ে প্রত্যক্ষ করি তাহলে কোরআনের দর্পণে ইমাম আলী (আ.)-কে দেখতে পাই। ইমাম আলী (আ.)-এর শাহাদাতের চৌদ্দ শ’ বছর পার হয়ে যাবার পরও মনে হয় যেন তিনি আমাদের যুগেরই একজন মানুষ। তাঁর এক একটি বৈশিষ্ট্য সূর্যের আলোর ন্যায় মানুষের জীবনকে অন্ধকার থেকে মুক্তি দিয়ে থাকে। যদি আমিরুল মুমিনীন আলী (আ.) সম্পর্কে বর্ণিত আয়াতগুলিকে অন্তরের চক্ষু দিয়ে প্রত্যক্ষ করি তাহলে কোরআনের দর্পণে ইমাম আলী (আ.)-কে দেখতে পাই।

 

পবিত্র কুরআনের দর্পণে ইমাম আলী (আ.)

লাইলাতুল মাবিত:

وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ ۗ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ

আর মানুষের মাঝে এক শ্রেণীর লোক রয়েছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবনকে বিক্রি করে দেয়। আল্লাহ তাঁর বান্দাদের প্রতি অত্যন্ত মেহেরবান। (সূরা বাকারা, আয়াত নং: ২০৭)

আহলে সুন্নতের প্রখ্যাত মুফাস্সির সা’লাবি বলেন: নবী করিম (সা.) যখন মক্কা থেকে মদিনায় হিজরত করার সিদ্ধান্ত নেন, তখন তিনি লোকদের আমানত ফিরিয়ে দেয়া এবং তাদের অর্থ পরিশোধের জন্য আলী (আ.)-কে তাঁর নিজের স্থানে থাকতে বলেন। রাতে যখন তিনি ‘সাওর গুহা’র উদ্দেশ্যে রওনা করলে, মুশরিকরা তাঁর বাড়ি ঘিরে ফেলে। তিনি আলী (আ.)-কে নির্দেশ করেছিলেন তার বিছানায় ঘুমাতে এবং রাসুলের বিশেষ সবুজ রঙের চাদর মুড়ি দিয়ে থাকতে। মহান আল্লাহ তখন জিবরাইল ও মিকাইলকে উদ্দেশ্য করে বলেন, আমি তোমাদের মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি করেছি এবং তোমাদের দুজনের একজনকে অপরের তুলনায় বেশি আয়ু দান করেছি। তোমাদের মধ্যে কে অপরের জীবনের জন্য নিজেকে উৎসর্গ করতে চায়? তাদের কেউই সম্মত হলেন না। তখন আল্লাহ বললেন, এখন আলী (আ.) রাসুল (সা.)-এর বিছানায় ঘুমিয়ে আছে এবং নিজের জীবনকে উৎসর্গ করতে প্রস্তুত। তোমরা পৃথিবীতে অবতরণ কর এবং তার হেফাজতকারী ও পাহারাদার হও। যখন জিবরাইল আলী (আ.)-এর মাথার দিকে এবং মিকাইল পায়ের দিকে বসে ছিলেন, জিবরাইল (আ.) বলছিলেন: কতইনা চমৎকার! হে আলী আপনাকে শুভেচ্ছা! আল্লাহ আপনার মাধ্যমে ফেরেশতাদের নিকট গর্ব করে থাকেন। তখন এই আয়াত নাযিল হয় যেখানে আলী (আ.)-এর বৈশিষ্ট্য ফুটে উঠেছে। (তাফসীরে নেমুনেহ, আয়াতুল্লাহ মাকারিম ও লেখকবৃন্দ, খণ্ড ২, পৃষ্ঠা ৪৬; আল-গাদির, খণ্ড ২, পৃষ্ঠা ৪৪।)

আহলে সুন্নতের প্রখ্যাত আলেম ইবনে আবিল হাদিদ এই আয়াতের ব্যাখ্যায় বিশ্বাস করেন যে, লাইলাতুল মাবিতে রাসুল (সা.)-এর বিছানায় আলী (আ.)-এর ঘুমানোর বিষয় সর্বজন স্বীকৃত। শুধুমাত্র অমুসলিম ও কমবুদ্ধি সম্পন্ন লোক ব্যতীত কেউই অস্বীকার করবে না। (শারহে নাহযুল বালাগা, ইবনে আবিল হাদিদ, খণ্ড ৩, পৃষ্ঠা ২৭০; এহইয়াউল ঊলুম, গাজ্জালী, খণ্ড ৩, পৃষ্ঠা ২৩৮; নাযহাতুল মাযালিস, সাফুরি, খণ্ড ২ পৃষ্ঠা ২০৯; তাযকেরাতুল খাওয়াস, সিবত ইবনে জাওযি হাফফি, পৃষ্ঠা ২১; মুসনাদে আহমাদ, খণ্ড ১, পৃষ্ঠা ৩৪৮; তারিখে তাবারি, খণ্ড ২, পৃষ্ঠা ৯৯ ও ১০১; সিরাতে ইবনে হিশাম, খণ্ড ২, পৃষ্ঠা ২৯১; তারিখে ইয়াকুবী, খণ্ড ২, পৃষ্ঠা ২৯।)

 

সূরা বারাআত প্রচার

وَأَذَانٌ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ إِلَى النَّاسِ يَوْمَ الْحَجِّ الْأَكْبَرِ أَنَّ اللَّهَ بَرِيءٌ مِّنَ الْمُشْرِكِينَ ۙ وَرَسُولُهُ ۚ فَإِن تُبْتُمْ فَهُوَ خَيْرٌ لَّكُمْ ۖ وَإِن تَوَلَّيْتُمْ فَاعْلَمُوا أَنَّكُمْ غَيْرُ مُعْجِزِي اللَّهِ ۗ وَبَشِّرِ الَّذِينَ كَفَرُوا بِعَذَابٍ أَلِيمٍ

আর মহান হজ্বের দিনে (ঈদুল আযহার দিনে) আল্লাহ ও তাঁর রসূলের পক্ষ থেকে (সকল) মানুষের প্রতি ঘোষণা হচ্ছে যে, আল্লাহ এবং তাঁর রাসুল মুশরিকদের প্রতি অসন্তুষ্ট। অবশ্য যদি তোমরা তওবা কর, তবে তা, তোমাদের জন্য কল্যাণকর, আর যদি মুখ ফিরিয়ে নাও, তবে জেনে রেখো, আল্লাহকে তোমরা পরাভূত করতে পারবে না। আর কাফেরদেরকে মর্মান্তিক শাস্তির সংবাদ দাও। (সূরা তওবা, আয়াত নং: ৩)

আহলে সুন্নতের ইমাম আহমাদে হাম্বাল ইবনে আব্বাস হতে বর্ণনা করেন যে, নবী করিম (সা.) অমুক ব্যক্তিকে সূরা তওবা দিয়ে পাঠায় যাতে সে হজ্জের সময় মানুষদের মাধ্যমে প্রচার করতে পারে। অতঃপর আলী (আ.)-কে ঐ ব্যক্তির পিছে পাঠায় এবং তার নিকট থেকে এটি নিয়ে নেন এবং বলেন: এই সূরার প্রচার শুধুমাত্র তার মাধ্যমে হওয়া উচিত যে আমা হতে এবং আমি তার হতে। (মুসনাদে আহমাদ বিন হাম্বাল, খণ্ড ১, পৃষ্ঠা ২৩১ মিশরীয় ছাপ; খণ্ড ৩, পৃষ্ঠা ২১২; খণ্ড ১, পৃষ্ঠা ১৫০; খাসায়েসু নাসাঈ, পৃষ্ঠা ২৮।)

 

বেলায়াত

তাফসীরে আইয়াশীতে একটি হাদিস বর্ণনা করা হয়েছে। যেখানে বলা হয়েছে, আম্মার বিন ইয়াসির (রা.)-কে বলতে শুনেছি, আলী ইবনে আবি তালিব (আ.)-এর মুস্তাহাব নামাযের রুকুর সময় এক ভিক্ষুক তাঁর নিকট এসে দাঁড়ায়। তিনি তাঁর হাতের আংটি খুলে ঐ ভিক্ষুককে দান করেন। তখন তিনি রাসুলের (সা.) নিকট আসেন এবং এই ঘটনা বর্ণনা করেন। সাথে সাথে এই আয়াত নাযিল হয়: 

إِنَّمَا وَلِيُّكُمُ اللَّهُ وَرَسُولُهُ وَالَّذِينَ آمَنُوا الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَهُمْ رَاكِعُونَ

নিঃসন্দেহ তোমাদের অভিভাবক হচ্ছেন কেবলমাত্র আল্লাহ, তাঁর রাসুল এবং সেই ঈমানদারগণ, যারা নামায কায়েম করে, আর রুকু অবস্থায় যাকাত আদায় করে। (সূরা মায়েদা, আয়াত নং: ৫৫)

রাসুল (সা.) আয়াতটি আমাদের জন্য তেলাওয়াত করেন এবং বলেন: আমি যার মাওলা (নেতা বা অভিভাবক), আলী তার মাওলা। হে আল্লাহ! যে আলীকে ভালোবাসে তুমি তাকে ভালোবাসো আর যে শত্রুতা করে তুমি তার শত্রু হয়ে যাও। (তাফসীরে আইয়াশী, খণ্ড ১, পৃষ্ঠা ৩২৭।)

 

মুবাহালা

فَمَنْ حَاجَّكَ فِيهِ مِن بَعْدِ مَا جَاءَكَ مِنَ الْعِلْمِ فَقُلْ تَعَالَوْا نَدْعُ أَبْنَاءَنَا وَأَبْنَاءَكُمْ وَنِسَاءَنَا وَنِسَاءَكُمْ وَأَنفُسَنَا وَأَنفُسَكُمْ ثُمَّ نَبْتَهِلْ فَنَجْعَل لَّعْنَتَ اللَّهِ عَلَى الْكَاذِبِينَ

অতঃপর তোমার নিকট (হযরত ঈসা আ. সম্পর্কে) সত্য সংবাদ এসে যাওয়ার পর যদি কেউ এই কাহিনী সম্পর্কে তোমার সাথে বিবাদ করে, তাহলে বল, এসো, আমরা ডেকে নেই আমাদের পুত্রদের এবং তোমাদের পুত্রদের এবং আমাদের স্ত্রীদের ও তোমাদের স্ত্রীদের এবং আমাদের নিজেদের ও তোমাদের নিজেদের আর তারপর চল আমরা সবাই মিলে মুবাহালা করি এবং তাদের প্রতি আল্লাহর অভিসম্পাত করি যারা মিথ্যাবাদী। (সূরা আলে ইমরান, আয়াত নং: ৬১) মুবাহালা শব্দের শাব্দিক অর্থ হল কাউকে তার নিজের অবস্থায় ছেড়ে দেয়া এবং তার কাজের পরিণামকে আল্লাহর উপর সোপর্দ করা। আহলে সুন্নতের অসংখ্য মুফাসসির বলেন আয়াতে ‘আমাদের পুত্রদের’ বলতে হাসান (আ.) ও হুসাইন (আ.) ‘আমাদের স্ত্রীদের’ বলতে ফাতিমা (সা.) এবং ‘আমাদের নিজেদের’ বলতে আলী (আ.)-কে বলতে বুঝানো হয়েছে। অর্থাৎ আলী (আ.) হলেন আল্লাহর রাসুল (সা.)-এর আত্মা। (সহীহ মুসলিম, খণ্ড ৭, পৃষ্ঠা ১২০; মুসনাদে আহমাদ, খণ্ড ১, পৃষ্ঠা ১৮৫; তাফসীরে তাবারী, খণ্ড ৩, পৃষ্ঠা ১৯২; মুস্তাদরাক, খণ্ড ৩, পৃষ্ঠা ১৫০; দালায়েলুন নবুয়্যাত, হাফেজ আবু নাঈম ইসফাহানী, পৃষ্ঠা ২৯৭; রুহুল মা’আনী, অলুসী, খণ্ড ৩, পৃষ্ঠা ১৬৭; কাশশাফ, যামাখশারী, খণ্ড ১, পৃষ্ঠা ১৯৩; ফুসুলুল মুহিম্মাহ, ইবনে সাববাগ, পৃষ্ঠা ১০৮; জামিউল আহকামুল কুরআন, আল্লামা কুরতুবী, খণ্ড ৩, পৃষ্ঠা ১০৪।) 

 

বেলায়াতের ন্যায়ানুগতা

سَأَلَ سَائِلٌ بِعَذَابٍ وَاقِعٍ  لِّلْكَافِرِينَ لَيْسَ لَهُ دَافِعٌ   مِّنَ اللَّهِ ذِي الْمَعَارِجِ

একব্যক্তি আযাব চাইল, আযাব সংঘটিত হল। কাফেরদের জন্যে, যার প্রতিরোধকারী কেউ নেই। তা আল্লাহ তা’আলার পক্ষ থেকে আসবে, যিনি মা’আরিজের অধিকারী। (সূরা মা’আরিজ, আয়াত নং: ১-৩)

আল্লামা আমিনি আহলে সুন্নতের ত্রিশ জন আলেমের নাম উল্লেখপূর্বক বলেন, সকলেই এই আয়াত নাযিলের কারণ হিসেবে বলেছেন এই আযাব তাদের জন্য যারা আলী (আ.) এর বেলায়েতের ন্যায়ানুগতা জানা সত্ত্বেও রাসুল (সা.)-এর পর আলী (আ.)-এর বেলায়াত অস্বীকার করে।

ঘটনাটি ছিল এরূপ, যেহেতু রাসুল (সা.) আলী (আ.)-কে গাদির দিবসে খেলাফতে উত্তরাধীকারী করেন এবং তাঁর সম্বন্ধে বলেন: আমি যার মাওলা ও নেতা, এই আলীও তার মাওলা ও নেতা। অল্প সময়ের মধ্যে কথাটি শহরগুলিতে ছড়িয়ে পড়ে। নোমান বিন হারিস রাসুলের নিকট আসে এবং বলে: আপনি আমাদেরকে প্রথমে আল্লাহর এবং আপনার রেসালতের সাক্ষ্য দিতে বলেছেন, অতঃপর জিহাদ, হজ্জ, রোজা, নামায ও যাকাতের আদেশ দিলেন। আমরা এর সবই মেনে নিয়েছি। এতেও সন্তুষ্ট হননি, এই যুবককে [আলী (আ.)-এর প্রতি ইঙ্গিত দিয়ে] আপনার স্থলাভিষিক্ত করলেন?! এমন কি বললেন: আমি যার মাওলা, আলী তার মাওলা। এই কথা কি আপনার পক্ষ থেকে নাকি আল্লাহর পক্ষ থেকে? রাসুল (সা.) বললেন: আমি সেই রবের কসম করে বলছি যিনি ব্যতীত অন্য কোন উপাস্য নেই। এই কথা আল্লাহর পক্ষ থেকে।  নোমান এই কথা বলতে বলতে মুখ ফিরিয়ে নিল যে, হে আল্লাহ! যদি এই কথা সত্য হয় যে এটি আপনার পক্ষ থেকে, তাহলে আসমান থেকে আমার উপর পাথর বর্ষণ করুন। তখনই হটাৎ করে একটি পাথর তার মাথার উপরে এসে পড়ে এবং সে ধ্বংস হয়ে যায়। তখন উক্ত আয়াতগুলি নাযিল। (তাফসীরে নেমুনেহ, খণ্ড ২৫, পৃষ্ঠা ৭)

 

সিরাতুল মুস্তাকিম

اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ 

আমাদেরকে সরল-সঠিক পথে হেদায়েত কর। (সূরা ফাতিহা, আয়াত নং: ৬)

আল্লামা তাবাতাবাঈ তার তাফসীরে আল মিজানে ‘ফাকিয়া’ ও ‘তাফসীরে আইয়াশী’’র উদ্ধৃতি দিয়ে বলেন, এই আয়াতে ‘সিরাতুল মুস্তাকিম’ হচ্ছেন আমিরুল মুমিনীন আলী (আ.)। (তাফসীরে আল মিজানের অনুবাদ, খণ্ড ১, পৃষ্ঠা ৪৯; তাফসীরে আল বোরহান, আল্লামা বাহরানী, খণ্ড ১, পৃষ্ঠা ৫০।)

ইমাম সাদিক (আ.)-এর ভাষ্যে সিরাতুল মুস্তাকিম হল আল্লাহর মারেফাতের দিকে গমনের পথ। মোট দুটি পথ রয়েছে যার একটি দুনিয়ার, অপরটি আখিরাতের। দুনিয়ার পথ হচ্ছেন ইমাম, যার আনুগত্য ওয়াজিব। যে ব্যক্তি এই ইমামের পরিচয় লাভ করবে এবং তার অনুসরণ করবে, সে এই পথে রয়েছে। আখিরাতের পথ হল দোযখের উপরে অবস্থিত সেতু। যে ব্যক্তি দুনিয়াতে প্রকৃত ইমামের পরিচিতি লাভ এবং তার আনুগত্য থেকে বিরত থেকেছে, সেদিন ঐ সেতুর উপরে তার পদযুগল কম্পিত হতে থাকবে ফলে জাহান্নামের আগুনে পড়ে ধ্বংস হয়ে যাবে। (প্রাগুক্ত)

(চলবে...)

#176