৫ নভেম্বর ২০২৩ - ১৫:১১
গাজা শিশুদের কবরস্থানে পরিণত হয়েছে: ইউনিসেফ

গাজার বাসিন্দারা অন্যান্য যে হুমকির সম্মুখীন হচ্ছে তার মধ্যে পানি এবং নিরাপত্তাহীনতা অন্যতম।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনা জানিয়েছে: ইউনিসেফের মুখপাত্র “জেমস এল্ডার" জেনেভায় জাতিসংঘের এক সংবাদ সম্মেলনে গাজায় শিশুদের মৃত্যুর সংখ্যা ৩,৪৫০ ছাড়িয়ে গেছে বলে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, আমাদের সবচেয়ে বড় চিন্তার বিষয় হচ্ছে, মাত্র দুই সপ্তাহে নিহত শিশুর সংখ্যা দশ থেকে কয়েক হাজারে পৌঁছেছে। তিনি যোগ করেন, চরম উদ্বেগের বিষয় হচ্ছে, এই সংখ্যাগুলো প্রতিদিন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। গাজা শিশুদের কবরস্থানে পরিণত হয়েছে। এখানে জীবন যেন নরকে পরিণত হয়েছে।

তিনি অবিলম্বে যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তা সরবরাহ বৃদ্ধির জন্য ইউনিসেফের আহ্বান পুনর্ব্যক্ত করে বলেন যে গাজায় শিশুরা কেবল বিমান হামলার কারণেই নয়, প্রয়োজনীয় চিকিৎসা সেবার অভাবের কারণেও মারা যাচ্ছে। তিনি বলেন, শিশুদের জীবনের উপর এই হুমকি বোমার চেয়ে বেশি।

তিনি জোর দিয়ে বলেছেন যে, গাজার বাসিন্দারা অন্যান্য যে হুমকির সম্মুখীন হচ্ছে তার মধ্যে পানি এবং নিরাপত্তাহীনতা অন্যতম। জাতিসংঘের এই কর্মকর্তার মতে, গাজার এক মিলিয়নেরও বেশি শিশু পানির সংকটের মুখোমুখি হচ্ছে। অতএব, পানির অভাবে শিশুদের মৃত্যু, বিশেষ করে এর কারণে নবজাতকদের মৃত্যু একটি ক্রমবর্ধমান হুমকি।

উল্লেখ্য, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার ঘোষণা করেছে যে ইহুদিবাদী শাসকদের হামলায় গাজা উপত্যকায় শহীদের সংখ্যা ৮,৫২৫ জনে পৌঁছেছে, তাদের মধ্যে ৩,৫৪২ জন শিশু এবং ২,১৮৭ জন মহিলা।#176S