১৭ মে ২০১৫ - ১৫:৩৭
এডেন উপসাগরে পৌঁছেছে ইরানের ত্রাণবাহী জাহাজ

সৌদি আগ্রাসনে বিধ্বস্ত ইয়েমেনের জন্য ইরানের ত্রাণবাহী কার্গো জাহাজটি এডেন উপসাগরে পৌঁছেছে।

আবনা : সৌদি আগ্রাসনে বিধ্বস্ত ইয়েমেনের জন্য ইরানের ত্রাণবাহী কার্গো জাহাজটি এডেন উপসাগরে পৌঁছেছে। জাহাজটিতে আড়াই হাজার টন ওষুধ ও খাদ্য সামগ্রী নেয়া হচ্ছে।
নেজাত বা উদ্ধারকারী নামে এ জাহাজটি আগামী ২১ মে ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হুদাইদা বন্দরে পৌঁছাবে বলে কথা রয়েছে। হুদাইদা বন্দরটি এডেন উপসাগরে অবস্থিত।
গত ১১ মে ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাস থেকে জাহাজটি ইয়েমেনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। জাহাজে আন্তর্জাতিক মানবাধিকার কর্মী, স্বেচ্ছাসেবী, ডাক্তার ও সংবাদকর্মী রয়েছেন। জাতিসংঘের সহযোগিতায় ইরান যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে ত্রাণ পাঠানোর এ পদক্ষেপ নিয়েছে।
এর আগে, সৌদি আরব ইরানের ত্রাণবাহী দুটি বিমান ফেরত দিয়েছে। ওই দুটি বিমানেও ইয়েমেনের জনগণের জন্য জরুরি ওষুধ ও খাদ্য সামগ্রী নেয়া হয়েছিল। গত ২৬ মার্চ থেকে সৌদি আরব ইয়েমেনে বর্বর সামরিক আগ্রাসন চালানো শুরু করেছে। এতে এ পর্যন্ত কয়েক হাজার মানুষ হতাহত হয়েছে। সৌদি আরবের এ আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক সমাজ নীরব রয়েছে; শুধু ইরানই ইয়েমেনে ত্রাণ পাঠানোর চেষ্টা চালাচ্ছে এবং আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করছে।#