৩০ মে ২০১৫ - ১৫:২৫
আমাকে ঘুষ দিতে চেয়েছে সৌদি আরব: আব্দুল্লাহ সালেহ

ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ অভিযোগ করেছেন, সৌদি আরবের কর্মকর্তারা তাকে ঘুষ দেয়ার ব্যর্থ চেষ্টা করেছেন।

আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ অভিযোগ করেছেন, সৌদি আরবের কর্মকর্তারা তাকে ঘুষ দেয়ার ব্যর্থ চেষ্টা করেছেন। তিনি জানান, জনপ্রিয় আনসারুল্লাহ জোটের বিরুদ্ধে তার অনুসারীদের কাজে লাগানোর জন্য সৌদি আরব এ ঘুষ দেয়ার চেষ্টা করে।
আল-মায়েদিন টেলিভিশনকে গতকাল (শুক্রবার) দেয়া এক সাক্ষাৎকারে সালেহ আরো বলেন, “সৌদি রাজার পক্ষ থেকে ইয়েমেনে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত আমার সঙ্গে দেখা করতে আসেন এবং তিনি ইয়েমেনের পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এর পাশাপাশি তিনি আমাকে ইয়েমেনের হুথি আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেয়ার কথা বলেন।”
সালেহ জানান, সাবেক ওই রাষ্ট্রদূত সরাসরি বলেন, “আপনি যদি আমাদেরকে সহায়তা করেন তাহলে আমরা আপনাকে মিলিয়ন মিলিয়ন ডলার দেব।” কিন্তু আলী আব্দুল্লাহ সালেহ সৌদি আরবের এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন এবং ইয়েমেনের জাতীয় ঐক্যের জন্য দেশটির সব রাজনৈতিক শক্তির প্রতি সমর্থন দিয়েছেন।
ইয়েমেনের সাবেক এ প্রেসিডেন্ট বলেন, তিনি ক্ষমতায় থাকাকালে হুথিদের সঙ্গে তার প্রশাসনিক কারণে কিছু মতপার্থক্য ছিল কিন্তু আদর্শগত কোনো দ্বন্দ্ব ছিল না। জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলনের বিরুদ্ধে সৌদি প্রচারণার কারণে সাম্প্রদায়িক ঘৃণা ছড়াচ্ছে বলেও মন্তব্য করেন আলী আব্দুল্লাহ সালেহ।#