আহলে বাইত বার্তাং সংস্থা (আবনা) : মহানবী হজরত মুহাম্মদ (স.)-কে গালাগাল করে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা রাজ্যের একটি মসজিদের সামনে বিক্ষোভ করেছে ২শরও বেশি ইসলাম বিদ্বেশী। শুক্রবার এ বিক্ষোভ করে তারা।
শুক্রবার সন্ধ্যায় রাজ্যের ফিনিক্স শহরের ইসলামিক কমিউনিটি সেন্টার ও মসজিদের সামনের এ বিক্ষোভে বেশির ভাগই ছিল সশস্ত্র। খবর রয়টার্সের। কয়েক সপ্তাহ আগে অ্যারিজোনার প্রতিবেশী টেক্সাস রাজ্যে মুসলিমবিরোধী এক কার্টুন প্রদর্শনীতে অজ্ঞাত দুই বন্দুকধারী হামলা করলে পুলিশ তাদের ওপর গুলি চালায়। এতে দুুজন হামলাকারী নিহত হয়।
ইরাকযুদ্ধ ফেরত এক সাবেক সেনা সদস্য মুসলিমবিরোধী এ বিক্ষোভের উদ্যোক্তা। অনলাইনে পোস্ট করা এ ব্যক্তির ছবিতে তার পরনে টি-শার্টে ইসলামবিদ্বেষী স্লোগান ও হাতে যুক্তরাষ্ট্রের পতাকা আছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিক্ষোভকারী দুপক্ষ একে অপরের প্রতি বিষোদগার করতে শুরু করলে উত্তেজনা চরমে পৌঁছে। এ সময় পুলিশ টেপ ও ব্যারিকেড ব্যবহার করে দুপক্ষকে দ্রুত দূরে সরিয়ে দেয়। ইসলামবিরোধী বিক্ষোভের উদ্যোক্তা জন রিজহেইমার তার ফেসবুক পেজে লিখেছেন, টেক্সাসের সাম্প্র্রতিক হামলার প্রতিক্রিয়ায় এ প্রতিবাদ। টেক্সাসের হামলাকারীরা ফিনিক্সের এ মসজিদটিতে নামাজ পড়েছিলেন। তাই বিক্ষোভের জন্য এ মসজিদটিকেই বেছে নেয়া হয়েছে। ফেসবুকে ৯শর বেশি লোক এ বিক্ষোভে যোগ দেয়ার কথা জানিয়েছিল। পরে বিক্ষোভে লোকজন বাড়তে শুরু করলে পুলিশের সংখ্যা বাড়ানো হয়। রায়ট হেলমেট ও গ্যাসমাস্ক পরা পুলিশ সদস্যরা শহরের কয়েকটি ব্লক ঘিরে রাখেন।
সামরিক পোশাক পরা এসব ব্যক্তির হাতে আধা-স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ছিল।