আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : ‘জুনুদ আল তাওহিদ ওয়াল খিলাফাহ নামে নতুন একটি জঙ্গি সংগঠন বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে। ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়ার (আইএসআইএস) আদলে এ সংগঠনটি গঠিত। সম্প্রতি সরকার কর্তৃক নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সহ-সমন্বয়ক আবদুল্লাহ আল গালিব এ সংগঠনটির প্রতিষ্ঠাতা। ইতিমধ্যে তিনি প্রায় ১৫ জন অনুসারী সংগ্রহ করেছেন। তাদের নিজ বাসায় প্রশিক্ষণও দিয়েছেন তিনি। শনিবার রাতে গ্রেফতার হওয়ার পর গালিব ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে এই স্বীকারোক্তি দিয়েছেন।
রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির উপপুলিশ কমিশনার শেখ নাজমুল আলম জামান জানান, শনিবার রাতে রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন বারিধারা ডিওএইচএস এলাকা থেকে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আইএসআইএসের সদস্য আবদুল্লাহ আল গালিবকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পাসপোর্ট, ৪টি হার্ডডিক্স, ২টি পোর্টেবল হার্ডডিক্স, ১০টি সিডি, ১০টি সিডির কভার, ক্রিম কালারের মেইড ইন পাকিস্তান লেখা একটি টুপি, ১টি সিপিইউ, বিভিন্ন লেখকের ৪৩টি ইসলামী জিহাদি বই ও মইনুল ইসলামের মাসিক ৩টি পত্রিকা উদ্ধার করা হয়।
ডিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গালিব জানিয়েছে, সে ইন্টারনেটের মাধ্যমে নিজ বাসায় বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আইএসআইএসের জন্য কর্মী সংগ্রহ এবং তাদের প্রশিক্ষণ দিয়ে থাকেন। তার সহযোগী প্রায় ১৫ জন অজ্ঞাতনামা আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। তারা গোপন বৈঠকের মাধ্যমে মধ্যপ্রাচ্যের আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আইএসআইএসের সদস্য সংগ্রহ করার জন্য বৈঠক করেন। গ্রেফতার হওয়া গালিব আনসারুল্লাহ বাংলা টিমের সহ-সমন্বয়ক। আগে তিনি হিজবুত তাহরিরের সদস্য ছিলেন। বর্তমানে আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ‘জুনুদ আল তাওহিদ ওয়াল খিলাফাহ’ প্রতিষ্ঠা করেছেন। এই সংগঠনটি আইএসআইএসের আদলে বাংলাদেশে খিলাফাত প্রতিষ্ঠার জন্য কাজ করছে। দেশের বর্তমানে গণতান্ত্রিক সরকার ব্যবস্থাকে উৎখাতের জন্য জুনুদ আল তাওহিদ ওয়াল খিলাফাহর সাংগঠনিক ভিত্তি মজবুত করার জন্য তার সহযোগীদের নিয়ে বিভিন্ন কায়দায় প্রচার কাজ চালিয়ে আসছিল। গোপনে অর্থ ও কর্মী সংগ্রহ করে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে দেশের আইনশৃঙ্খলার অবনতি ঘটানো এবং দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যার পরিকল্পনা রয়েছে সংগঠনটির। এ সংগঠনের অনেক সদস্য ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় তৎপর রয়েছে।
গ্রেফতার হওয়া গালিব শেয়ারবাজারে স্টক লটের ব্যবসা করতেন। তার বাবা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর। পুলিশ তার নাম প্রকাশ করেনি। মেধাবী গালিব অভিজাত একটি ইংলিশ মিডিয়াম স্কুল থেকে এ লেভেল এবং ও লেভেল পাস করে পরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন। রোববার তার ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে আদালত শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেছেন।
ডিবির এডিসি মো. শাহজাহানের সার্বিক তত্ত্বাবধানে এবং এসি মাহফুজুল আলম রাসেলের নেতৃত্বে গালিবকে গ্রেফতারে অভিযান পরিচালিত হয়।