৭ জুন ২০১৫ - ১৫:৫৯
ইয়েমেনে ত্রাণবাহী দ্বিতীয় জাহাজ পাঠাল ইরান

সৌদি আরবের বর্বরোচিত আগ্রাসনের শিকার ইয়েমেনের জনগণের জন্য আরেকটি ত্রাণবাহী জাহাজ পাঠিয়েছে ইরান।

আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : সৌদি আরবের বর্বরোচিত আগ্রাসনের শিকার ইয়েমেনের জনগণের জন্য আরেকটি ত্রাণবাহী জাহাজ পাঠিয়েছে ইরান। আরজু বা আকাঙ্ক্ষা নামের জাহাজটি গতরাতে (শনিবার রাতে) ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খুজেস্তানের ইমাম খোমেনী বন্দর ছেড়ে গেছে।
খুজেস্তান প্রদেশের বন্দর ও জলপথ সংস্থার পরিচালক সা’দউল্লাহ আবউদল্লাহি জানিয়েছেন, জাহাজটিতে ৮,০০০ টন চাল ও ১,০০০ টান চিনি রয়েছে।
এর আগে গতমাসে খাদ্য, ওষুধ ও তাবুসহ নিত্যপ্রয়োজনীয় প্রায় ২,৫০০ টন দ্রব্য নিয়ে ইরান প্রথম সাহায্যকারী জাহাজ পাঠিয়েছিল ইরান। সৌদি আরবের বিরোধিতার কারণে জাহাজটি ইয়েমেনের বন্দরে না ভিড়ে নিকটবর্তী আফ্রিকার দেশ জিবুতির একটি বন্দরে নোঙ্গর করে। জাতিসংঘের মাধ্যমে এসব ত্রাণসামগ্রী ইয়েমেনে পাঠানোর কথাবার্তা চলছে। ইয়েমেনে আন্তর্জাতিক ত্রাণ পাঠানোর জন্য জাতিসংঘ জিবুতিতে একটি সরবরাহ লাইন খুলেছে।
ইয়েমেনের নিরীহ  জনগণের ওপর ভয়াবহ বিমান হামলা পরিচালনাকারী সৌদি আরব ইয়েমেনের জলপথ অবরুদ্ধ করে রেখেছে। গত এপ্রিলে জরুরি চিকিৎসা সামগ্রী বহনকারী দু’টি বিমানকে ইয়েমেনে অবতরণ করতে দেয়নি রিয়াদ।
গত ২৬ মার্চ ইয়েমেনে ভয়াবহ আগ্রাসন শুরু করে সৌদি আরব। আগ্রাসনের পাশাপাশি জল, স্থল ও আকাশপথে ইয়েমেনকে পুরোপুরি অবরুদ্ধ করে রাখার কারণে দেশটিতে খাদ্য ও ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে।
জাতিসংঘের মানবিক ত্রাণ বিষয়ক সমন্বয়কারী দপ্তর ওসিএইচএ গত ৫ জুন জানিয়েছে, ইয়েমেনের প্রায় দুই কোটি মানুষের জরুরি ত্রাণসামগ্রী প্রয়োজন। এ ছাড়া, জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল স্টিফেন ওব্রায়েন ইয়েমেন পরিস্থিতিকে ‘বিপর্যয়কর’ হিসেবে চিহ্নিত করেছেন।#