আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : ইয়েমেনের সা’দা প্রদেশে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলায় কনেসহ অন্তত সাত জন নিহত ও বহু লোক আহত হয়েছে। আরবি টিভি চ্যানেল ‘আল-মাসিরা’ জানিয়েছে- শহরের জাবেল আল-হারাম এলাকায় একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলার সময় বিমান থেকে বোমা ফেলে সৌদি জঙ্গি বিমান। বিয়ে বাড়ি পরিণত হয় ধ্বংসযজ্ঞে।
সা’দা প্রদেশের ধামাজ শহরেও সৌদি জঙ্গি বিমান থেকে বোমা ফেলা হয়েছে। এতেও প্রাণ হারিয়েছে আট জন। ধামাজে বিমান হামলায় নিহতদের সবাই নারী ও শিশু।
এদিকে, সানা প্রদেশের হামদান জেলার বেইত নাইম ও আল-গারজে এলাকায় সৌদি হামলায় অন্তত দু’টি শিশু নিহত ও ছয় জন আহত হয়েছে। সানার আবাসিক এলাকা আল-মিয়াদেও কয়েক দফা বোমা ফেলা হয়েছে। সেখানেও হতাহতের ঘটনা ঘটেছে।
২৬ মার্চ থেকে ইয়েমেনে বিমান হামলা শুরু করেছে সৌদি আরব। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিষিদ্ধ অস্ত্র ব্যবহার অব্যাহত রেখেছে রিয়াদ।#