আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গজনি প্রদেশে একটি নিরাপত্তা ফাঁড়িতে তালেবান হামলায় অন্তত ছয় পুলিশ নিহত হয়েছে। স্থানীয় আফগান কর্মকর্তারা দাবি করেছেন, কারাবাগ জেলায় নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় ১০ তালেবান নিহত হয়। গজনি প্রদেশের গভর্নরের মুখপাত্র শফিক সাফায়ি জানান, নিরাপত্তা ফাঁড়িতে ঢোকার জন্য তালেবান গেরিলারা প্রথমে একটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটায়।
এর আগে রোববার দিনের প্রথম দিকে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, শনিবার থেকে এ পর্যন্ত তালেবানদের কয়েক দফা হামলায় অন্তত সাত সেনা নিহত হয়েছে।
এদিকে, আফগান গণমাধ্যম খবর দিয়েছে, তালেবান যোদ্ধারা উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের রাজধানীর দিকে এগিয়ে যাচ্ছে। কোনে কোনো খবর থেকে জানা যাচ্ছে যে, তালেবানরা শহরটি দখলের কাছাকাছি অবস্থায় রয়েছে। এরইমধ্যে তালেবানরা কুন্দুজ প্রদেশের শেষ জেলা চরদারা দখল করে নিয়েছে। শহরটি দখলের সময় প্রচণ্ড সংঘর্ষ হয় এবং অন্তত ১২ জন আফগান সেনা নিহত ও ১৭ জন আহত হয়।
এদিকে, আফগানিস্তানের সেনাবাহিনীর উপ প্রধান জেনারেল মুরাদ আলী মুরাদ বলেছেন, গোলযোগপূর্ণ এলাকায় সংঘর্ষে প্রায় ৭২ জন তালেবান গেরিলা নিহত হয়েছে। শহরটি আবার দখলে নেয়ার জন্য সামরিক অভিযানের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।#